ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় শিক্ষার্থী-স্থানীয়দের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। রোববার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ ও আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয়রা জানান, চান্দিনা ও দেবীদ্বার উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। ১২টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে অন্তত ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দাবি-দাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পরে ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ পারাপার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারীরা জানান, কাঠেরপুল এলাকা চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সংযোগস্থল হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করে। গত কয়েক বছরে এখানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তাই দ্রুত ফুটওভারব্রিজ, ইউলুপ বা আন্ডারপাস নির্মাণের দাবি জানান তারা।

হাইওয়ে পুলিশ ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, অবরোধ প্রত্যাহারের পরপরই যান চলাচল সচল করতে কাজ শুরু করা হয়। এক ঘণ্টার অবরোধের কারণে সৃষ্ট যানজট দ্রুত নিরসনের চেষ্টা চলছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, কাঠেরপুল এলাকায় একটি ইউলুপ নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে। এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও দ্রুত একটি স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল একই স্থানে মহাসড়ক পারাপারের সময় লরিচাপায় নিহত হয় চান্দিনার বড়গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। ওই ঘটনার প্রতিবাদে ৩ এপ্রিল এলাকাবাসী মানববন্ধনও করেন। সাম্প্রতিক এ দুর্ঘটনাই মূলত অবরোধের পেছনে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/জেআইএম