ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে হটলাইন চালু করা হবে: রুবেল

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১০ এপ্রিল ২০২৬

নিজ নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন চালুর কথা বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী ধানহাঠিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচন-পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি।

মাহমুদুল হক রুবেল বলেন, ‘আমি একটি মোবাইল নম্বর (হটলাইন) দেবো। এ নম্বরে চাঁদাবাজ, সন্ত্রাসসহ যে কোনো অনিয়মের তথ্য দিয়ে মেসেজ করবেন; প্রয়োজনে ফোনে কল দেবেন। এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।’

নির্বাচনে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষিয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।

এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্তরের জনগণ ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।

মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম