ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নামাজে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১০:৪০ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

ফজরের নামাজ পড়তে বেরিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন নুরুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ী। শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি পৃথিবী থেকে বিদায় নেন।

রোববার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের চকরিয়ার খুটাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়ার মরহুম হাজি মোজাহের আহমদের ছেলে। দাম্পত্য জীবনে তিনি ৪ সন্তানের জনক। চিংড়ি ঘের ও লবণ উৎপাদনের ব্যবসা করতেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো ফজরের আজানের পর মসজিদের উদ্দেশ্যে বের হন নুরুল ইসলাম। নামাজ শেষে ব্যবসা দেখভালের উদ্দেশ্যে খুটাখালী বাজার এলাকার মহাসড়কের পাশে অন্যদের সঙ্গে অবস্থান করছিলেন।

এ সময় কক্সবাজারমুখী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ানো ব্যক্তিদের ধাক্কা দেয়। অন্যরা সরে গিয়ে পার পেলেও ধাক্কা খেয়ে ঘটনাস্থল থেকে ছিটকে দূরে পড়েন নুরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘাতক বাসটি ঈদগাঁও বাসস্টেশন এলাকা থেকে আটক করেছে জনতা। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

নিহতের শ্যালক শাহজাহান চৌধুরী শাহীন জানান, প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে বিকেলে তাকে দাফনের প্রস্তুতি চলছে। তার আকস্মিক মৃত্যু পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

আরও পড়ুন