যশোরে স্বেচ্ছাসেবকদল নেতার কুশপুত্তলিকা দাহ
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকা দাহ করেছেন পদবঞ্চিতরা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন শেষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ করে তারা।
পদবঞ্চিততের দাবি, ঘোষিত আংশিক কমিটি একপেশে, অগণতান্ত্রিক ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে করা হয়েছে। অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা-কর্মীদের পক্ষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল হক শিমুল বলেন, বুধবার সন্ধ্যায় কেন্দ্র থেকে যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রিয়েল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলী হায়দার রানার নাম রয়েছে।
তার দাবি, কমিটির ঘোষণার দায়িত্বপ্রাপ্ত হিসেবে কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান অনৈতিক সুবিধা গ্রহণ করে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে অগণতান্ত্রিক পন্থায় এই কমিটি ঘোষণা করেছেন। কেননা বর্তমান অগণতান্ত্রিক জুলুমবাজ সরকারের বিরুদ্ধে আমরা যারা রাজপথের আন্দোলনে সব সময় রয়েছি, তাদেরকে অগ্রাহ্য করা হয়েছে। যারা কমিটিতে আছেন, তাদের আন্দোলন সংগ্রামের বিষয়টি যশোরবাসী জানে। সেইসব নিষ্ক্রিয়দের এই কমিটিতে অন্তর্ভুক্ত করায় তা অথর্ব হিসেবে পরিগণিত হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে। একইসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি যশোরে এলে তাকে প্রতিহত করার ঘোষণাও দেয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান আকতার, নগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সদস্য মিজানুর রহমান, এমএম কলেজ ছাত্রদলের সাবেক নেতা তৌহিদুর রহমান টিটো, সিটি কলেজ ছাত্রদলের সাবেক নেতা মিরাজ হোসেন, সাইদুর রহমান বাবু প্রমুখ।
মিলন রহমান/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ