মিরকাদিমে বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রী লাইফ সাপোর্টে
মুন্সিগঞ্জের মিরকাদিমে মেয়র আব্দুস সালামের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেয়রের স্ত্রী কানন বেগমকে (৪০) লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
কানন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
মেয়রের ছেলে মানিক সালাম জাগো নিউজকে বলেন, 'চিকিৎসকরা মাকে লাইফ সাপোর্টে রেখেছে। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। আজ থেকে ৭২ ঘণ্টা লাইফ সাপোর্ট রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।'
তিনি আরও জানান, কানন বেগম ছাড়াও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অপর ১২ জনের মধ্যে পৌরসভার কর্মকর্তা মনির হোসেনসহ (৫০) দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৯ জনকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় কাউন্সিলর ও অন্যদের সঙ্গে নিজ বাড়িতে পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়র আব্দুস সালাম আলোচনায় বসেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে ওই বাড়িতে বিস্ফোরণ ঘটে।
এতে পৌর মেয়রের স্ত্রী কানন বেগম, ২ প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫), আওলাদ (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেল, যুবলীগ কর্মী তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না (৫০), কালু (৪০), কানন (৪০) ও মহিউদ্দিনসহ মোট ১৩ জন দগ্ধ হন। ঘটনার পরই ১২ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
বিস্ফোরণের বিষয়টি নিয়ে রহস্য ও প্রতিপক্ষের পরিকল্পিত হামলা হতে পারে বলে অভিযোগ তুলে আহতদের স্বজনরা। তবে ঘটনার পর সিআইডির বোমা নিষ্ক্রিয় টিম, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ ঘটনাস্থলের আলামত পরীক্ষার পর বিস্ফোরণটি বাড়ির গ্যাস লাইনের লিকেজ থেকে হয়েছে বলে নিশ্চিত করেন।
আরাফাত রায়হান সাকিব/জেডএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল