ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি-চেয়ারম্যানের ‘মারামারি’: সমঝোতা বৈঠকে নজর স্থানীয়দের

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৩ জুলাই ২০২২

কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের দলীয় কোন্দল চরম আকার ধারণ করেছে। আধিপত্য বিস্তারের জেরে দুই নেতার দ্বন্দ্ব দলেরই ক্ষতি হচ্ছে বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। দ্বন্দ্বের কারণে গত ২৬ বছর ধরে এ উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। গত ১৬ জুলাই বিকেলে সংসদ ভবনের এলডি হলে বৈঠকে বসেনে জেলা ও উপজেলা আওয়ামীল নেতারা। ওই বৈঠকেই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলে বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ উঠে।

ওই ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদরে নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিচার দাবী করেন। এনিয়ে কুমিল্লাসহ দেশব্যাপী নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

এদিকে, আগামীকাল রোববার (২৪ জুলাই) বিকেলে ৩টায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বার উপজেলার দলীয় কোন্দল নিরসনে সমঝোতার বৈঠক ডাকা হয়েছে। সবার দৃষ্টি এখন ওই বৈঠকের দিকে।

দলীয় সূত্র জানায়, ১৯৯৬ সালের ২ আগস্ট দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে মো. জয়নুল আবেদীনকে সভাপতি ও এ কে এম মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি করা হয়। দীর্ঘ ২৬ বছরের ওই কমিটির সভাপতি, সহ-সভাপতি ও দপ্তর সম্পাদকসহ মারা গেছেন ১৪ জন। বিএনপিতে যোগদান করেছেন দুইজন। অনেকে আবার প্রবাসে অবস্থান করছেন। ফলে বর্তমানে এ কমিটি নামে থাকলেও সাংগঠনিক কোনো কার্যক্রম নেই। এ নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

যে কারণে এমপি-উপজেলা চেয়ারম্যানের মধ্যে কোন্দল
সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুর পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ উপনির্বাচনে মো. আবুল কালাম আজাদ নৌকার মনোনয়নে বিজয়ী হন। ওই নির্বাচনে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আপন চাচা এ এফ এম তারেক মুন্সী ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। আবুল কালাম আজাদের অভিযোগ সংসদ সদস্য রাজী ফখরুল ও তার অনুসারীরা নৌকার বিপক্ষে কাজ করেছেন। তারা প্রকাশ্যে ধানের শীষে ভোট দিয়েছেন। ওই নির্বাচনের পর থেকে উভয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এ বিরোধের কারণে উপজেলার ১৫টি ইউনিয়নের ১০টিতে নৌকার ভরাডুবি হয়।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বলেন, দলের মধ্যে সংঘাত, কোন্দল আর ভালো লাগে না। বিএনপি-জামায়াত লাগবে না দল ডুবাতে কোন্দলই যথেষ্ট। এসব বিষয়ে রোববার কেন্দ্রে সমঝোতা বৈঠক হবে। আশা করছি বৈঠকে সব সুরাহা হবে। আমরা বিভেদ ভুলে দলের জন্য আবারও এক হয়ে কাজ করবো।

দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দলীয় কর্মকাণ্ডে বাদ দিয়ে দেবীদ্বারে এমপি লীগ বানাতে চাচ্ছেন। যার কারণে দীর্ঘ দিন ধরে এ উপজেলায় দলীয় সাংগঠনিক কমিটি গঠিত হয়নি। তিনি সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের জানাজায় প্রাকশ্যে উত্তর জেলার সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। যিনি দলের বিপক্ষে কাজ করেন তার বিরুদ্ধে যদি দল কোনো সিদ্ধান্ত না নেয়, তা হলে এ কোন্দল নিরসন হবে কীভাবে?

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, রাজী ফখরুল একজন জনপ্রতিনিধি হয়ে অপর একজন জনপ্রতিনিধির গায়ে হাত তুলে সংসদ সদস্য হিসেবে যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করেছেন। ২৪ জুলাই ঢাকায় সমঝোতা বৈঠক ডাকা হয়েছে। দেখা যাক সেখানে কি সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্তই নেবেন তাতেই একমত থাকবো। আশা করছি দলের জন্য তারা মঙ্গলজনক সিদ্ধান্তই নেবেন।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও কুমিল্লা উত্তর জেলা সভাপতি ম. রুহুল আমিনকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম