ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সংসদ ভবনে মারামারি

৩ ঘণ্টা বৈঠকের পর ‍কুমিল্লার সেই এমপি-চেয়ার‌ম্যানের ‘কোলাকুলি’

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৫ জুলাই ২০২২

জাতীয় সংসদ ভবনের এলডি হলে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মারামারির ঘটনা মীমাংসায় তিন ঘণ্টা বৈঠক করেছেন দলের কেন্দ্রীয় কমিটির নেতারা।

বৈঠক শেষে দ্বন্দ্বে জড়ানো এমপি ও উপজেলা চেয়ারম্যান একে-অপরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে চলমান দ্বন্দ্ব এ বৈঠকের মধ্যদিয়ে মীমাংসা হয়েছে।

রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সমঝোতা বৈঠক হয়।

jagonews24

বৈঠকে দ্বন্দ্ব মীমাংসা হলেও ওই দিনের প্রকৃত ঘটনা উদঘাটনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে।

কমিটির অন্য ৪ সদস্য হলেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।

এলডি হলে ঠিক কী ঘটেছিল, তা আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই বৈঠকে আগামী ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

jagonews24

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক হয়েছে। সেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লষেণ করা হয়। সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে মিলিয়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয়েছে। এটি গর্বের ব্যাপার। আশা করছি, এখন থেকে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।’

সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলার সভাপতি ম রহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

এদিকে, সমঝোতা ও সম্মেলনের তারিখ ঘোষণায় খুশি দেবিদ্বার উপজেলার তৃণমূল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের এক নেতা জানান, আগামীতে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ আরও শক্তিশালী একটি সংগঠন হবে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল জানান, এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মীমাংসা হয়েছে। একে-অপরকে ‘সরি’ বলে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। আশা করছি, সামনের দিনে দেবীদ্বারের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে।

জাহিদ পাটোয়ারী/এএএইচ