ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

বেজা-এমইপি চুক্তি

মিরসরাইয়ে হচ্ছে বৈদ্যুতিক পণ্য কারখানা, বিনিয়োগ ২০০ কোটি টাকা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) একটি আধুনিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেজা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, এমইপি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড এনএসইজেডে প্রায় ১০ একর জমিতে অত্যাধুনিক বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন ক্লাস্টার স্থাপন করবে। প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকার দেশীয় বিনিয়োগ করা হবে।

চুক্তিতে বেজার পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ এবং এমইপি গ্রুপের পক্ষে চেয়ারম্যান শকিল আলম চাকলাদার।

জানা গেছে, প্রকল্পটির বাস্তবায়ন কাজ ২০২৬ সালের এপ্রিল মাসে শুরু হয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। প্রকল্পটি চালু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

বর্তমানে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে এবং আরও প্রায় ২০টি প্রতিষ্ঠান নির্মাণাধীন। প্রায় ২৫ কিলোমিটার উপকূলজুড়ে গড়ে ওঠা এ শিল্পাঞ্চলে শিল্প স্থাপনার পাশাপাশি নগর সুবিধাও গড়ে তোলা হচ্ছে।

প্রস্তাবিত শিল্প কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যের মাধ্যমে দেশীয় বাজারে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি বৃদ্ধির লক্ষ্য রয়েছে।

বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, এনএসইজেডে এমইপির মতো দেশীয় শিল্পগোষ্ঠীর বিনিয়োগ দেশের আমদানি নির্ভরতা কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রযুক্তিনির্ভর শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিনিয়োগকারীদের জন্য বেজার পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার জানান, বেজার সহযোগিতায় পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর শিল্প স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রকল্প দেশের বৈদ্যুতিক পণ্যের আমদানি বিকল্প উৎপাদন বাড়াবে এবং ভবিষ্যতে রপ্তানি বাজারেও উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসএম/এমএমএআর