কারওয়ান বাজার-ফার্মগেট

৭টায় বন্ধ শপিংমল, পাশেই নিয়মের ‘বালাই নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
সরকার নির্ধারিত সময়েই বন্ধ করা হয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল/ছবি: জাগো নিউজ

সরকার নির্ধারিত সময়ে বড় বড় শপিংমল ও বিপণিবিতান বন্ধ হলেও তার পাশে অবস্থিত নামিদামি ব্র্যান্ডের জুতা, কাপড় ছোট দোকানগুলো নির্দিষ্ট সময়ে বন্ধ হচ্ছে না। অলিগলির ছোটোখাটো দোকানপাটও খোলা। শুধু তাই নয়, জ্বালানি সাশ্রয়ে সরকার এ সিদ্ধান্ত নিলেও নামিদামি ব্যাংকের সাইনবোর্ডেও আলো জ্বলতে দেখা গেছে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট ও মিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিন সময় মতোই বন্ধ করা হয় বসুন্ধরা সিটি শপিংমল। ৭টায় মূল ফটক বন্ধ দেখা যায়। মাইকিং করে সাধারণ মানুষকে ভিড় না করার আহ্বান জানানো হচ্ছে। তবে বসুন্ধরা শপিংমলের পাশেই বেশকিছু দোকান খোলা রাখা হয়।

jagonews24

কারওয়ান বাজার মোড়ে দেখা যায়, রাত ৮টা বেজে গেলেও বিভিন্ন ব্যাংকের সাইনবোর্ডে আলো জ্বলছে।

ফার্মগেটে দেখা গেছে, ফার্মভিউ সুপার মার্কেট নির্দেশনা মেনেই বন্ধ করা হয়েছে। তবে তার পাশেই নামিদামি একটি ব্র্যান্ডের জুতার শোরুম ৮টা ১৫ মিনিট পর্যন্ত খোলা থাকতে দেখা গেছে। একইভাবে আরেকটি ব্র্যান্ডের জুতার শোরুমও খোলা থাকতে দেখা যায়। এই শোরুমের সাইনবোর্ডের আলো বন্ধ রাখলেও রাত ৮টা পর্যন্ত শোরুমটিতে ক্রেতাদের প্রবেশ করতে দেখা যায়। ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনের ফুটপাতে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুতের আলোতে দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।

jagonews24

একইচিত্র দেখা গেছে মিরপুরের শেওড়াপাড়া এলাকায়ও।

রোববার থেকে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার নতুন সিদ্ধান্ত দিয়েছে সরকার। এদিন সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।

আরও পড়ুন
‘রাতেই বিক্রি বেশি হয়, লস হলেও কিছু করার নেই’
৭টার পরও খোলা অনেক দোকানপাট, শপিংমল বন্ধ
দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এর আগে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধের ঘোষণা দেয় সরকার। তবে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সময় বাড়ানোর দাবি ওঠে। বিষয়টি নিয়ে শনিবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। সেখানে মন্ত্রী আপাতত তাদের দাবি নাকচ করে দেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের দাবি তুলে ধরা হবে। এর একদিন পরই নতুন সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে।

jagonews24

সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসেও নতুন সময়সূচি নির্ধারণ করে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর সন্ধ্যা ৭টার মধ্যেই দোকান ও শপিংমল বন্ধ করতে হবে।

ইএইচটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।