দেশীয় প্রতিষ্ঠান থেকে ১৫৬ কোটি টাকার চিনি-মসুর ডাল কিনবে সরকার
টিসিবির জন্য চিনি ও মসুর ডাল কিনবে সরকার
স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে দেশের দুই প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৫ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১৫৫ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। এই অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বুধবার (৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৫ হাজার টন চিনি কেনার প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়। প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
- আরও পড়ুন
- ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
- ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি প্রবেশ করবে না
এই চিনি কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১১৮ টাকা ৪৩ পয়সা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে এই চিনি বিক্রি করা হবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে চট্টগ্রামের মেসার্স পায়েল ট্রেডার্স থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৬৯ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৬ টাকা ৬৯ পয়সা। এই মসুর ডাল টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।
এমএএস/কেএসআর/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ ক্যান্টিন বয় থেকে ফতুল্লা ডিপোর নিয়ন্ত্রক ‘ব্রাজিল বাড়ির টুটুল’
- ২ গভর্নরকে নিয়ে সংবাদ সম্মেলন, বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তা শোকজ
- ৩ সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা
- ৪ ব্যাংকিং সংস্কার অব্যাহত থাকবে, অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
- ৫ অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত