ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

বই আলোচনা

বাংলা প্যাঁচাল: শান্তি নাই মুক্তি আছে

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

অন্তরা হক

সামিউল হক ভূঁইয়া। তবে তিনি ‘ভাইসাব’ নামে অধিক সমাদৃত। ১৯৯৬ সালের বাইশে নভেম্বর জন্ম নেওয়া লেখকের শৈশব, কৈশোর কেটেছে নানান জায়গায় ঘুরে ঘুরে। আজিজুল হক ভূঁইয়া এবং আঞ্জুরা বেগমের দুই ছেলেসন্তানের মধ্যে প্রথম সন্তান সামিউল। জন্ম যদিও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কিন্তু ব্যাংকার বাবার বদলীর সুবাদে কখনো কংস, কখনো সোমেশ্বরী আর কখনোবা ব্রহ্মপুত্রের পাড়ে দাপিয়ে বেড়িয়েছেন অভিনেতা সামিউল।

গত একযুগ ধরে স্কুলের থিয়েটার সোসাইটি থেকে শুরু করে ঢাকার মূলধারার নাট্যদল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজিত অর্ধশতাধিক মঞ্চনাটকে অভিনয় করেন তিনি। দেশে এবং দেশের বাইরে নাটকের দুই শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ভাইসাব খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর সামিউল। তার উল্লেখযোগ্য মঞ্চ নাটক- ‘কবি’, ‘কারবালার জারি’, ‘চাঁন মহুয়ার কিচ্ছা’, ‘জলপলকের গান’, ‘রুপচান সুন্দরি’, ‘রক্তাক্ত প্রান্তর’, ‘এখন দুঃসময়’, ‘ভানু সুন্দরীর পালা’ ইত্যাদি।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে স্নাতক এবং অভিনয় কলা বিষয়ে স্নাতকোত্তর পাস করে এখন অভিনয়ের পাশাপাশি বাংলা সংস্কৃতির চর্চা ও গবেষণায় সম্পৃক্ত আছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘বাঙালি বিলাস’, ‘তরু’ ইত্যাদি। এ ছাড়া ‘তারা ও ব্যালকনি’, ‘ফুল সুন্দরী’ এবং ‘আজব তুফান’সহ বেশকিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। মানুষ পড়া তার নেশা। তাই যত্রতত্র ঘুরে বেড়ান খেয়ালখুশি মতো।

তার বইটি শুধু প্রাপ্তমনস্কদের জন্য। যে বইয়ের নামই ‘বাংলা প্যাঁচাল’; তার মধ্যে তো ক্যাচাল থাকাই স্বাভাবিক। যাদের পছন্দ গ্যাঞ্জাম, গণ্ডগোল, ক্যাচাল শুধু তাদের জন্য কুটনামি আর পরনিন্দায় ভরপুর বাংলা প্যাঁচাল। আপনি যা বলতে চান, অথচ বলেন না; সেই কথাগুলোই এ বইয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বলতে গেলে বইটি আপনারই লেখা, লেখক আপনার চিন্তাগুলোকে লিখিত রূপদান করেছেন। লেখকের ধারণা, বইটি কিছু মানুষের কাছে খারাপ লাগতে পারে, বিরক্ত লাগতে পারে এবং কেউ কেউ উত্তেজিতও হয়ে যেতে পারেন। এ বইয়ে শান্তি নাই কিন্তু মুক্তি আছে।

ভাইসাব নামে পরিচিত তার রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গিতে তুলে ধরে। বাংলা প্যাঁচাল লেখকের প্রথম প্রকাশিত বই হলেও এটি সমাজের প্রতিফলন এবং নতুন চিন্তা-ভাবনার উদ্রেক ঘটায়। বাংলাদেশে ব্যবসার প্রকৃতি, মিথ্যাচার, রাজনৈতিক সংযোগ, ফাঁকিবাজির মাধ্যমে কীভাবে ব্যবসা ছড়িয়ে পড়ে, লেখক তার বইয়ে ব্যবসা নিয়ে কিছু কথা তুলে ধরেছেন। তিনি পাঠকদের অর্থনৈতিক অবস্থার প্রতি সচেতন করার চেষ্টা করেছেন।

বইয়ে আছে কল রেকর্ড ফাঁস। যা আমাদের দেশে সহজ একটা বিষয় মনে করা হচ্ছে। স্যোশাল মিডিয়ায় দু-চারদিন পর পর নানা গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বহীন মানুষের ফোনালাপ ফাঁস হয় এবং বাংলাদেশের সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির অনুমতি ছাড়া ফোনালাপ রেকর্ড করা বা ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। লেখক সামাজিক মিডিয়ার প্রতিকূল প্রভাব ও এর সঙ্গে যুক্ত রাজনৈতিক অপব্যবহার নিয়ে আলোচনা করেছেন।

প্রবাসীরা আমাদের রেমিট্যান্স পাঠান। তবুও তাদের অসম্মান করা হয়। দেশে ফিরলে তাদের কোনো সম্মান করা হয় না। মূল্যায়ন করা হয় না। সামাজিক বৈষম্যের মুখোমুখি হতে হয়। লেখক কথা বলেছেন এ বিষয়ে। তুলে ধরেছেন আত্মহত্যার চিরকুট। আত্মহত্যার তালিকায় রয়েছে সামাজিক চাপ, মানসিক চাপ, পারিবারিক চাপ, হতাশা, ব্যর্থতা, নিঃসঙ্গতা ইত্যাদি। আত্মহত্যার চিরকুটের মাধ্যমে সমাজের চাপ, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক অবস্থা নিয়ে গভীর আলোচনার সুযোগ আছে। সমাজের বিভিন্ন সমস্যার প্রতিফলন, যেমন- দুর্নীতি, ব্যর্থতা, নিঃসঙ্গতা ও হতাশা তুলে ধরলে পাঠকদের মধ্যে আরও গভীর প্রতিক্রিয়া সৃষ্টি হতো।

বইটিতে বাল্যবিবাহ বন্ধের কার্যকারী পদ্ধতি এবং বিষয়ে সরকারের দায়িত্ব নিয়ে আরও আলোচনা করা যেতে পারে। বাল্যবিবাহ আইনগত ভাবে বন্ধ করা সম্ভব এবং সামজিক মনোভাব কীভাবে বদলাতে হবে, তা আলোচনা করলে ভালো হতো। নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, কর্মক্ষেত্রে হয়রানি এবং সমাজে তাদের অবস্থান নিয়ে বিশদ আলোচনা করা যেতে পারে। লেখক নারীদের বিরুদ্ধে বিদ্যমান সামাজিক অগ্রহণযোগ্যতা, অভ্যন্তরীণ বৈষম্য এবং মনের অস্থিরতার প্রভাব নিয়ে আলোচনা করেছেন। লেখক বলেন, প্রেমশক্তিকে যদি বিদ্যুৎশক্তিতে রূপান্তর করা যেতো, তাহলে আর দেশে এক সেকেন্ডও লোডশেডিং থাকতো না। এই প্রেমশক্তির পাওয়ার হাউজটা নারী।

বই: বাংলা প্যাঁচাল
লেখক: সামিউল হক ভূঁইয়া
প্রকাশনী: কিংবদন্তী পাবলিকেশন
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
মূল্য: ৩২০ টাকা।

এসইউ

আরও পড়ুন