ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে এশরার লতিফের ‌‘নক্ষত্র-নূপুর’ দ্বিতীয় খণ্ড

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক এশরার লতিফের ডকুফিকশন ‌‘নক্ষত্র-নূপুর (দ্বিতীয় খণ্ড)’। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।

প্রকাশক জানান, প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪–১৯১৭) উত্তাল ও সংঘাতময় প্রেক্ষাপটে রচিত ‘নক্ষত্র-নূপুর (দ্বিতীয় খণ্ড)’ বহুমাত্রিক ডকুফিকশন। যেখানে ইতিহাসের বাঁকবদলকারী ঘটনাপ্রবাহের সঙ্গে মিশে গেছে বিপ্লবীদের ব্যক্তিগত জীবন, প্রেম ও আত্মত্যাগ। বিপ্লবের কোনো নির্দিষ্ট মানচিত্র থাকে না, থাকে কেবল এক অদম্য লক্ষ্য এবং সেই লক্ষ্যের পেছনে উৎসর্গ করা কিছু মানুষের ছন্নছাড়া জীবন।

কথাসাহিত্যিক এশরার লতিফ বলেন, ‘নক্ষত্র-নূপুর এমন এক সময়ের গল্প, যখন পুরোনো পৃথিবী ভেঙে নতুন পৃথিবী গড়ার স্বপ্নে বিভোর একদল মানুষ—যাঁদের আদর্শ ও আবেগ ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। ইতিহাসের পাতায় এরা শুধুই দূরবর্তী রাষ্ট্রনায়ক বা কঠোর বিপ্লবী। এ উপন্যাসে তাঁদের সেই ইস্পাত-কঠিন খোলস খসে বেরিয়ে এসেছে প্রেম, দহন আর স্বপ্নে বোনা একেকটি স্পন্দনশীল মানবিক হৃদয়।’

২০২৩ সালে এশরার লতিফের ইতিহাসভিত্তিক উপন্যাস ‘নক্ষত্র-নূপুর’-এর প্রথম খণ্ড প্রকাশিত হয়। রুশ ও বাঙালি বিপ্লবীদের জীবনকাহিনি উঠে আসে এ উপন্যাসে। তার অন্যান্য বই হচ্ছে ‘কী অদ্ভুত’, ‘মধ্যরাতের পরে’, ‘গোধূলি রিসোর্ট’, ‘অলাতচক্র’, ‘গল্পদ্রুম’; ‘গল্পবৃষ্টি’ এবং ‘শেয়ের-এ-এশরার’ প্রভৃতি।

ড. এশরার লতিফ যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক। পৃথিবীর শীর্ষস্থানীয় নির্মাণ ও উপকরণ সংক্রান্ত গবেষণা পত্রিকাগুলোতে তার গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছে।

বইয়ের প্রতি তার আগ্রহ, ভালোবাসা ছোটবেলা থেকেই। তিনি মূলত গোয়েন্দা-কাহিনি, উপন্যাস, ছোটগল্প, ছড়া ও কবিতা লেখেন। তার প্রথম গল্প সংকলন ‘স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প’ ২০১৮ সালের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশ হয়। এ ছাড়া ইংরেজি ছোটগল্প ‘মীরা’ ২০১৯ সালের বার্লিন রাইটিং প্রাইজ প্রতিযোগিতায় লং-লিস্টেড হয়েছিল।

এসইউ

আরও পড়ুন