বই আলোচনা
নির্জন জলছবি: নিঃশব্দ হাহাকারের গল্প
ফাইল ছবি
মানুষের না বলা কথাগুলো যখন কাগজে প্রাণ পায়; তখন তা হয়ে ওঠে কবিতা। আর সেই কবিতার শব্দগুলো যদি হয় যাপিত জীবনের একান্ত জবানবন্দি, তবে তা পাঠককে নিয়ে যায় অনুভবের গহীন জগতে। এবারের বইমেলায় তরুণ কবি ইসমাম জাহানের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্জন জলছবি’ তেমনই এক নিঃশব্দ হাহাকারের গল্প বলছে। নবকথন প্রকাশনী থেকে প্রকাশিত বইটি এরই মধ্যে সাহিত্যপ্রেমীদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।
কবিতা মূলত কবির আত্মগত আর্তনাদ। ইসমাম জাহানের কবিতায় সেই আর্তনাদ কোনো উচ্চকিত চিৎকার নয় বরং এক ধরনের পরিশীলিত হাহাকার। বইয়ের একটি কবিতায় কবি লিখেছেন, ‘আমি লিখতে চেয়েছিলাম,/ সবটুকু যন্ত্রণা, সবটুকু প্রেম/ যে প্রেম একদিন কাঁপিয়ে দিয়েছিল আমার অস্তিত্ব।’
নারীর মন ও তার হৃদয়ের ব্যাপ্তিকে তিনি ছোট করে দেখতে নারাজ। বরং তার কলম দিয়ে বেরিয়ে এসেছে সেই সত্য; যেখানে প্রতিটি কবিতা সৃষ্টির জন্য একটি আস্ত জীবনের চেয়েও বেশি কিছু প্রয়োজন হয়। কবির ভাষায়, জীবন থেমে গেলেও কবিতা যেন এক অমীমাংসিত অধ্যায়ের নাম। ইসমামের লেখনীতে বিরহ কেবল বিচ্ছেদ নয় বরং এক ধরনের শৈল্পিক অপেক্ষা। ‘অভিমানের অলেখা চিঠি’ কবিতায় তুলে ধরেছেন সেই নিভৃত মুহূর্তগুলো; যেখানে প্রিয় মানুষের ফেরার প্রতীক্ষায় জমে ওঠে পাহাড়সম অভিযোগ।
তার কবিতার ‘আমার কথারা হারিয়ে গেলো,/ শুধু বুকে জমলো এক স্তূপ অভিযোগ’—পঙক্তিগুলো পাঠকের হৃদয়ে বিষণ্ণ সুরের অনুরণন তোলে। তবে কবি কেবল হৃদয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেননি। নাগরিক জীবনের রূঢ় বাস্তবতা ফুটে উঠেছে তার ‘শহরের জানালা’ কবিতায়। সেখানে ল্যাম্পপোস্টের নিচে অন্ধকার চুরি হওয়া কিংবা অফিসের সময় মেপে হাঁটা মানুষের ভিড়ে হারানো শৈশবের গল্পগুলো ভীষণ জীবন্ত।
কবি মনে করেন, বেঁচে থাকা মানে কেবল কিছু পাওয়া নয় বরং ক্রমাগত কিছু হারানোর গল্প বয়ে বেড়ানো। যান্ত্রিক এই শহরে একটি পাখির মেঘ ভেঙে উড়ে যাওয়ার দৃশ্য কবির চোখে নতুন স্বপ্নের ইঙ্গিত দেয়। না পাওয়া এবং হারিয়ে ফেলার আক্ষেপকে কবি ইসমাম জাহান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ‘না পাওয়ার আক্ষেপ’ কবিতায় তিনি লিখেছেন—‘তোমায় হারিয়ে যে শূন্যতা জুড়ে আছে,/ সেই শূন্যতাই হয়তো আমার একমাত্র সম্পদ।’
প্রিয় মানুষের ছায়াকে কবিতার খামে বন্দি করার এই ব্যাকুলতা কাব্যগ্রন্থটিকে এক গভীর জীবনবোধ দান করেছে। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির এই উদযাপনই ‘নির্জন জলছবি’র মূল সুর। ৬৮ পৃষ্ঠার বইটির প্রচ্ছদশিল্পী আশরাফুল ইসলাম এক মায়াবী ও শান্ত আবহ তৈরি করেছেন, যা বইয়ের নাম ও ভাববস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২৪০ টাকা মূল্যের বইটি সংগ্রহ করতে পারবেন নবকথন প্রকাশনী থেকে।
ইসমাম জাহানের প্রথম প্রয়াস হিসেবে ‘নির্জন জলছবি’ অত্যন্ত প্রতিশ্রুতিশীল একটি কাজ। শব্দের পরিমিত ব্যবহার এবং আবেগের সহজ প্রকাশ বইটিকে সুখপাঠ্য করে তুলেছে। সমসাময়িক বাংলা কবিতায় যারা নতুন সুর ও গূঢ় অনুভূতির সন্ধান করেন, তাদের জন্য বইটি একটি চমৎকার সংগ্রহ হতে পারে। আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি।
বইয়ের নাম: নির্জন জলছবি
কবির নাম: ইসমাম জাহান
বইয়ের ধরন: কাব্যগ্রন্থ
প্রচ্ছদ: আশরাফুল ইসলাম
প্রকাশনী: নবকথন প্রকাশনী
মূল্য: ২৪০ টাকা।
এসইউ