ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

‘গোপন স্বপ্নের খোঁজে’

কিশোরদের মানসিক বিকাশে অনুপ্রেরণামূলক হবে বইটি: রেজাউদ্দিন স্টালিন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৪ মার্চ ২০২৬

‘কিশোরদের মানসিক বিকাশে অনুপ্রেরণামূলক গল্পের গুরুত্ব অনেক বেশি। এই বইয়ে কিশোরদের সংশয়, স্বপ্ন ও তাদের মনের গোপন অনুভূতিগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এ ধরনের বই কিশোরদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সাহসী হতে অনুপ্রাণিত করবে।’ ১৩ মার্চ বিকেলে মেলা প্রাঙ্গণে ‘গোপন স্বপ্নের খোঁজে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

অমর একুশে বইমেলায় সাংবাদিক ও লেখক এম এম বাদশাহের তৃতীয় বই ‘গোপন স্বপ্নের খোঁজে’র মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষা দুপুর প্রকাশনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক পলাশ মাহবুব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামান।

প্রকাশক মাশফিক তন্ময় বলেন, ‘কিশোরদের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণামূলক গল্পের বই খুব প্রয়োজন। ‘গোপন স্বপ্নের খোঁজে’ সেই চাহিদা পূরণ করবে এবং তরুণ পাঠকদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।’

সাহিত্যিক পলাশ মাহাবুব বলেন, ‘কিশোরদের স্বপ্ন, ভয় ও দ্বিধা—এসব বিষয় নিয়ে গল্প লেখা খুব গুরুত্বপূর্ণ। এই বইয়ের গল্পগুলো কিশোরদের নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে সাহায্য করবে এবং তাদের সাহসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’

উপসচিব কাজী সায়েমুজ্জামান বলেন, ‘বর্তমানে কিশোরদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘গোপন স্বপ্নের খোঁজে’ বইটি কিশোরদের ইতিবাচক চিন্তা ও স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে উৎসাহ দেবে।’

লেখক এম এম বাদশাহ বলেন, ‘বইটির প্রতিটি গল্পে কিশোরদের জীবনের বাস্তবতা, তাদের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের সাহসিকতার কথা তুলে ধরার চেষ্টা করেছি।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নয়ন মুরাদ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম হাসান রুবেল, এআই বিশেষজ্ঞ মশিউর রহমান প্রান্ত, সাংবাদিক এফ এম বায়জিদ, ব্যাংকার প্রদীপ বিশ্বাস, শিশুশিল্পী প্রত্যয় ও শৈল্পিক স্বপ্নর প্রতিষ্ঠাতা নাজনীন খানম প্রমুখ।

এসইউ

আরও পড়ুন