করেছেন শুটিংয়ের ছোটখাটো কাজ, আজ তিনি ঢালিউডের নায়ক
সংগ্রাম, ধৈর্য আর স্বপ্নের ওপর ভর করে গড়ে উঠেছে আরিফিন শুভর অভিনয়জীবন। ঢাকায় ফিরে শুরুতে তিনি শুটিং সেটের ছোটখাটো কাজেই ব্যস্ত ছিলেন। তবে সেই দিনগুলোই তাকে ঢালিউডের প্রতিষ্ঠিত নায়কের কাতারে দাঁড় করিয়েছে। আজ (২ ফ্রেব্রুয়ারি) এ নায়কের জন্মদিন।
শুরুতে র্যাম্প মডেলিং এবং রেডিওতে আরজে হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছিলেন শুভ। ২০০৭ সালে একটি টুথপেস্টের বিজ্ঞাপনে অভিনয় করে প্রথমবার আলোচনায় আসেন। এরপর নাটকে অভিনয় শুরু করেন, অল্প সময়েই দর্শকের নজর কাড়েন অভিনয় দক্ষতায়।
অভিনয় শুরুর আগে প্রোডাকশন ইউনিটে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে শুভ বলেন,“একসময় আমি প্রোডাকশনে সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম। শুটিংয়ে পরিচালক আর শিল্পীদের দেওয়া নির্দেশ পালন করতাম-এই পানি দে, এই আর্টিস্টের স্যান্ডেল মোছ-এই ধরনের কাজ করতে হতো।”
আরিফিন শুভ। ছবি: সংগৃহীত
মডেলিংয়ের পথও সহজ ছিল না। এক শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,“একটা বিজ্ঞাপনচিত্রে ডন ছিলেন মডেল, আর আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা। কিন্তু আমার স্বপ্ন বড় ছিল। তাই সেখান থেকেই উঠে আজ আমি নায়ক।”
২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় শুভর। এরপর একে একে অভিনয় করেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘কিস্তিমাত’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘আয়নাবাজি’, ‘ধ্যাততেরিকি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘নীলচক্র’ ও ‘নূর’-এর মতো সিনেমায়। বহুমাত্রিক চরিত্র এবং শক্তিশালী অভিনয় তাকে ঢালিউডের প্রথম সারির নায়কদের কাতারে প্রতিষ্ঠিত করেছে।
আরিফিন শুভ। ছবি: সংগৃহীত
২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি, যা বাংলাদেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। দেশের বাইরে আন্তর্জাতিক পরিসরেও কাজ করেছেন শুভ। কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব’ সিনেমায় কাজ করা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন। সম্প্রতি বলিউডের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তেও অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি।
আরও পড়ুন:
গোপন ছবি তুলে নারীকে ব্ল্যাকমেইল, আবার গ্রেফতার হতে পারেন নোবেল
হাসপাতালের বিছানায় অসুস্থ ফারুক আহমেদের ছবি ভাইরাল, যা জানা গেল
জন্মদিন নিয়ে খুব একটা মাতামাতি করতে পছন্দ করেন না শুভ। তবে ‘মুজিব’ সিনেমার শুটিং চলাকালে মুম্বাইয়ে জন্মদিন উদ্যাপন ছিল স্মরণীয়। তিনি বলেন,“ভাবতেই পারিনি, সবাই আমাকে এতটা সারপ্রাইজ দেবে। হঠাৎ মনে হচ্ছিল-২৫৭ টাকা নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় আসা এই আরিফিন শুভর জন্য মুম্বাইয়ের শুটিং স্পটে জন্মদিন উদ্যাপন হচ্ছে, শ্যাম বেনেগাল স্যার পাশে দাঁড়িয়ে-সবকিছু যেন স্বপ্নের মতো।”
বর্তমানে ‘মালিক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শুভ। পাশাপাশি শেষ করেছেন অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার শুটিং, যেখানে তার সহশিল্পী নুসরাত ফারিয়া।
২৫৭ টাকা নিয়ে ঢাকায় আসা এক তরুণের সংগ্রামের গল্প, আজ ঢালিউডের প্রথম সারির নায়কের গল্প-এটাই আরিফিন শুভর অনুপ্রেরণার নাম।
এমএমএফ