ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ইচ্ছে করছে সব ভোট আবার দেই : বেবী নাজনীন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:০০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন আনন্দচিত্তে। উৎসব আমেজে ভোট দিতে গেলেন আওয়ামী লীগ শাসনামলে নির্বাসিত জীবন কাটানো গায়িকা বেবী নাজনীন। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। ধানের শীষের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি।

আজ সকাল ১১টায় গুলশানের গুলশান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দিয়েছেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন ‌‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই গায়িকা।

তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিয়েছি। খুব আনন্দ হচ্ছে। অবশেষে ভোট দিতে পারলাম। এটাই তো চেয়েছিলাম। ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই।’

আরও পড়ুন
ভোট দিয়ে ওমর সানি বললেন, ‘তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে চাই’
ভোট দিয়ে সন্তুষ্ট আবুল হায়াত, চান যোগ্য প্রার্থীর জয়

এসময় তিনি নিজে মনোনয়ন না পাওয়া নিয়েও কথা বলেন। গায়িকা বলেন, ‘দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমার কাছে বড়।’

তাকে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে দেখা যাবে কি না সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাও নির্ভর করছে দলের সিদ্ধান্তের উপর। আপনাদের দোয়া ও আল্লাহ যদি চান তবে হয়তো হবে।’

এসময় সাংবাদিকরা বেবী নাজনীনের কাছে গান শুনতে চান। বেবী নাজনীন বলেন, ‘গান অবশ্যই হবে। তবে আজ নয়। ভোটের পরদিন থেকে।’

তিনি সবার কাছে ধানের শীষের জয়ের জন্য ভোট প্রার্থনা করেন। তারেক রহমানের নেতৃত্বে সুন্দর, সফল ও শান্তির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এমআই/এলআইএ