প্রথম ভোট নিয়ে ৩ তারকার উচ্ছ্বাস
জান্নাতুল ঐশী, সাদিয়া আয়মান ও সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হয়েছেন এই গণতান্ত্রিক আয়োজনে। এবারের নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন অনেক নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, চিত্রনায়িকা জান্নাতুল ঐশী ও অভিনেত্রী সাদিয়া আয়মান।
অভিনয়ে নিজেদের অবস্থান তৈরি করা এই তিন তরুণ তারকার কাছে প্রথম ভোট কেবল নাগরিক দায়িত্ব নয়, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে নিজের মত প্রকাশের গুরুত্বপূর্ণ সুযোগ।
ঢাকার ভোটার সুনেরাহ বিনতে কামাল রাজনীতির জটিল হিসাব-নিকাশে না গিয়ে সাধারণ মানুষের স্বস্তির কথা তুলে ধরেছেন। প্রথমবার ভোট দিতে যাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আমি রাজনীতির এত কিছু বুঝি না। তবে আমার দেশটা ভালো থাকুক, সেটাই চাই। একজন সাধারণ নাগরিকের জীবনে স্বস্তি আসুক, মানুষ মানসিকভাবে শান্তিতে থাকুক।”
তিনি আরও প্রত্যাশা করেন, দেশে শৃঙ্খলা ফিরুক এবং সৃজনশীল খাতসহ সব সেক্টর এগিয়ে যাক।
পিরোজপুরে বাড়ি হলেও জান্নাতুল ঐশী ভোট দেবেন ঢাকায়। দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচিত সরকারের কাছে আমাদের বহু প্রত্যাশা নেই, কিন্তু আমাদের স্বস্তি দরকার, শান্তি দরকার। সংবিধানমতো দেশ চলুক, সেটাই চাই।”
বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই চিত্রনায়িকা।
বরিশালের ভোটার সাদিয়া আয়মান অগ্রাধিকার দিয়েছেন নিরাপত্তাকে। তিনি বলেন, “প্রথমত নিরাপদ দেশ চাই। সবাই যেন নিরাপদে থাকেন, নিরাপদে চলাচল করতে পারেন-এটাই প্রত্যাশা।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে তিনি যোগ করেন, “দিন শেষে আমরা তো মানুষ, তাই জীবনের নিরাপত্তাই সবার আগে।”
আরও পড়ুন:
একশ ভোট দিতেও রাজি ভক্তরা, নেত্রী হিমির পোস্টে হাসির বন্যা
বর্ষাকে নিয়ে ভোট দিতে গিয়ে যা বললেন অনন্ত জলিল
ভোট দিয়ে সন্তুষ্ট আবুল হায়াত, চান যোগ্য প্রার্থীর জয়
প্রথম ভোটের উত্তেজনায় উচ্ছ্বসিত এই তিন অভিনেত্রীর কথায় স্পষ্ট-তরুণ প্রজন্মের প্রত্যাশা শান্তি, নিরাপত্তা, কর্মসংস্থান ও একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ।
এমএমএফ