৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা
বিজয়-রাশমিকা। ছবি: সংগৃহীত
তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আর সেটি যদি হয় দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে, তাহলে তো কথাই নেই। তাদের বিয়ের আয়োজন, অতিথি তালিকা থেকে শুরু করে পোশাক-সবকিছু নিয়েই ব্যাপক আলোচনা চলছে অনুরাগীদের মাঝে।
জানা গেছে, সম্প্রতি প্রথমসারির একটি ওটিটি প্ল্যাটফর্ম বিয়ের ছবি ও ভিডিওর ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কিনতে প্রায় ৬০ কোটির প্রস্তাব দেয়। তবে সেই প্রস্তাব নাকি সোজাসাপ্টা ফিরিয়ে দিয়েছেন বিজয়-রাশমিকা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, পবিত্র এই সম্পর্ককে ব্যবসায়িক চুক্তিতে পরিণত করতে চান না তারা।
আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে রাজকীয় আয়োজনে চার হাত এক হবে তারকাজুটির। বিয়ের অনুষ্ঠানকে একান্ত পারিবারিক রাখতে কড়া সিদ্ধান্ত নিয়েছেন তারা। অতিথি তালিকা রাখা হয়েছে সীমিত-শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন হবু তারকাদম্পতি।
এমনকি বিয়ের আসরে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকছে বলে জানা গেছে। ছবি তুলবেন যারা, তাদের সঙ্গেও নাকি গোপনীয়তা রক্ষার বিশেষ চুক্তি করা হয়েছে। ফলে উদয়পুরের বিয়েতে কোনো তারকার উপস্থিতি থাকছে না বলেই জানা গেছে।
তবে ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারকাখচিত গ্র্যান্ড রিসেপশন। সেখানে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। জল্পনা-কল্পনা চলছে, আমন্ত্রিত তালিকায় আছেন আল্লু অর্জুন, রাম চরণ, এস. এস. রাজামৌলি, প্রভাসসহ হিন্দি সিনেদুনিয়ার একাধিক খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন:
৬০ কোটির জালিয়াতির অভিযোগের মাঝেই রহস্যময় পোস্ট শিল্পার
‘গডফাদার’ সিনেমার অস্কারজয়ী অভিনেতা আর নেই
বিয়ের আগে সোমবার সকালে বিমানবন্দরে একই রঙের পোশাকে দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গোপনে উদয়পুরে পাড়ি দিয়েছেন তারা। এরই মধ্যে রিসেপশনের আমন্ত্রণপত্রও সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে বলে শোনা যাচ্ছে।
সব মিলিয়ে দক্ষিণী এই তারকাজুটির বিয়ে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে গোপনীয়তা বজায় রাখতেই যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট।
এমএমএফ