ক্যানসার জয় করেও নতুন শঙ্কা, আবারও হাসপাতালে দীপিকা
দীপিকা কক্কর। ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। লিভার ক্যানসারের মারণ থাবা থেকে লড়াই করে সেরে ওঠার পর এবার তার যকৃতে ধরা পড়েছে একটি ‘সিস্ট’। আর সে কারণেই আবারও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এই অভিনেত্রীকে।
দীপিকার স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে বিষয়টি জানান। তিনি বলেন, কয়েকদিন ধরেই দীপিকা পেটে তীব্র ব্যথা অনুভব করছিলেন। প্রথমে বিষয়টিকে সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা মনে হলেও গত শুক্রবার রাতে ব্যথা অসহনীয় হয়ে ওঠে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সিটি স্ক্যানের পরামর্শ দেন। রিপোর্টে দেখা যায়, দীপিকার যকৃতে ১ দশমিক ৩ সেন্টিমিটার (১৩ মিমি) আকারের একটি সিস্ট তৈরি হয়েছে।
স্বাভাবিকভাবেই এই খবর দম্পতির জন্য দুশ্চিন্তার কারণ। কারণ চলতি বছরের মে মাসে দীপিকার লিভার ক্যানসার ধরা পড়ে। জুনে প্রায় ১৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার লিভারের একটি অংশ ও টেনিস বলের সমান একটি টিউমার অপসারণ করা হয়। চিকিৎসকেরা তখনই সতর্ক করেছিলেন, এই ধরনের টিউমার আক্রমণাত্মক হতে পারে এবং পুনরায় ফিরে আসার আশঙ্কা থাকে।
তবে আপাতত স্বস্তির খবর, চিকিৎসকেরা জানিয়েছেন সিস্টটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আগামী মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হবে এবং তিন থেকে চার দিন পর্যবেক্ষণে রাখা হবে।
শোয়েবের শেয়ার করা ভিডিওতে দীপিকাকে বেশ আবেগপ্রবণ দেখা গেছে। অনুরাগীদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি। শারীরিক যন্ত্রণার পাশাপাশি বাম কাঁধে ব্যথাও অনুভব করছেন দীপিকা, যা তার আগের ক্যানসারের লক্ষণের সঙ্গে মিল থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়িয়েছে।
আরও পড়ুন:
৯ কোটির চেক বাউন্স মামলা, রাজপাল ইস্যুতে জড়ালেন অমিতাভ
‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’ সংঘর্ষে বলিউডে বড় ক্ষতির আশঙ্কা
শোয়েব জানিয়েছেন, নতুন এই জটিলতার কারণে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। ওরাল কেমোথেরাপির পরিবর্তে ইমিউনোথেরাপির প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ভ্লগটি প্রকাশ্যে আসার পর থেকেই তা দ্রুত ভাইরাল হয়েছে। জীবনের কঠিন এই সময়েও দীপিকার অদম্য লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন তার ভক্তরা।
এমএমএফ