৯ কোটির চেক বাউন্স মামলা, রাজপাল ইস্যুতে জড়ালেন অমিতাভ
৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেই ভাইঝির বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, আগামী ১৮ মার্চ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
এদিকে এই মামলাকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে বলিউডের ‘শাহেনশা’ খ্যাত অমিতাভ বচ্চনের নাম। তবে তিনি অভিযুক্ত নন; একটি পুরনো ঘটনার সূত্র ধরেই তার নাম সামনে এসেছে বলে দাবি সংশ্লিষ্ট আইনজীবীর।
রাজপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালের আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানান, ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। সেখানেই ব্যবসায়ী অমিতাভের সঙ্গে ছবি তুলতে ও মঞ্চ ভাগ করতে চেয়েছিলেন। কিন্তু রাজপালের টিমের পক্ষ থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। অভিযোগ, এরপরই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন ওই ব্যবসায়ী এবং আইনি পদক্ষেপের পথে হাঁটেন।
উল্লেখ্য, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য দিল্লিভিত্তিক ‘মুরালি প্রজেক্ট’ নামের একটি সংস্থা থেকে ৫ কোটি রুপি ধার নিয়েছিলেন রাজপাল। তবে সিনেমাটি বক্স অফিসে সফল না হওয়ায় সময়মতো অর্থ পরিশোধ করতে পারেননি তিনি। পরবর্তীতে সুদ-আসল মিলিয়ে সেই অঙ্ক দাঁড়ায় প্রায় ৯ কোটিতে।
আরও পড়ুন:
সত্যজিৎ ছাড়াও শংকরের গল্পে সিনেমা নির্মাণ করেছেন যারা
হলিউডে পাড়ি জমানোর কারণ জানালেন প্রিয়াঙ্কা
একাধিকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া পরিশোধ না করায় চলতি মাসের ৫ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। আগামী মার্চে মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে আইনি জটিলতার মধ্যেই আবারও আলোচনার কেন্দ্রে রাজপাল যাদব; আর সেই সূত্রেই চর্চায় উঠে এসেছে অমিতাভ বচ্চনের নাম।
এমএমএফ/এমএস