‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’ সংঘর্ষে বলিউডে বড় ক্ষতির আশঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’ সংঘর্ষে বলিউডে বড় ক্ষতির আশঙ্কা

বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত দুটি ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ও ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর অ্যাডাল্টস’। আগামী ১৯ মার্চ একসঙ্গে মুক্তি পাচ্ছে ছবি দুটি। এ নিয়ে দুই ছবির ভক্তদের উন্মাদনার শেষ নেই।

তবে এই মুখোমুখি লড়াইয়ে হতাশ জনপ্রিয় নির্মাতা সঞ্জয় গুপ্ত। তার আশঙ্কা, একই দিনে মুক্তি পাওয়ায় দুটি ছবিই একে অন্যের ব্যবসায় প্রভাব ফেলবে।

ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় গুপ্ত বলেন, দেশের আর্থিক বাস্তবতায় অনেক দর্শকের পক্ষে একই সময়ে দুটি বড় বাজেটের ছবি দেখা সম্ভব নয়। তার ভাষায়, ‘মানুষের হাতে এখন অত টাকা নেই যে পরপর দুই ছবি হলে গিয়ে দেখবে। অনেকে এক মাসে একটি ছবিই কষ্টে দেখতে পারে। ফলে এই মুখোমুখি মুক্তি অপ্রয়োজনীয়।’

নিজের ছবি ‘কাবিল’-এর সময়কার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সেটি মুক্তির সময় আরেকটি বড় ছবির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। তার মতে, প্রতিযোগিতা না হলে দুটি ছবিই আরও ভালো ব্যবসা করতে পারত। এবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন তিনি।

‘ধুরন্ধর ২’ পরিচালনা করেছেন আদিত্য ধর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। সঞ্জয় গুপ্ত ইঙ্গিত দিয়েছেন, ছবিতে হামজা চরিত্রের অতীত ও তার রূপান্তরের গল্প দর্শক জানতে পারবেন। তার কথায়, ‘ধুরন্ধর এখন এক ধরনের ঘটমান ঘটনা।’

অন্যদিকে ‘টক্সিক’ ছবিতে অভিনয় করছেন ইয়াশ, নয়নথারা, কিয়ারা আদভানি ও তারা সুতারিয়া। তারকাবহুল এই আয়োজনও দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এখন দেখার বিষয়, একই দিনে মুক্তি পেয়ে কোন ছবি কতটা দর্শক টানতে পারে। তবে সঞ্জয় গুপ্তের মতে, দুটি ছবিই ভালো করবে, কিন্তু পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে বাধার মুখে পড়তে পারে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।