পহেলা বৈশাখে কোথায় ঘুরবেন, ঢাকার যেসব জায়গায় হচ্ছে মেলা
পহেলা বৈশাখ ঘিরে ঢাকার বিভিন্ন প্রান্তে বসছে নানা আয়োজন মেলা
পহেলা বৈশাখ মানেই নারীরা লাল শাড়ি, পুরুষের পরনে সাদা পাঞ্জাবি, মেলায় ঘুরাঘুরি, মুড়ি-মুড়কি, বাতাসা খাওয়া, পুতুল নাচ দেখা। শৈশবে আমাদের স্মৃতিতে পহেলা বৈশাখের আয়োজন ছিল এমনই। বাবা-মায়ের সঙ্গে মেলায় গিয়ে প্লাস্টিক বা মাটির হাড়ি-পাতিল, পুতুল-ঘোড়া খেলনা কেনা। মজার মজার বাতাসা, হাওয়াই মিঠাই, খাওয়া। সবচেয়ে বড় আকর্ষণ ছিল হাতি-ঘোড়া সদৃশ বাতাসা কেনা।
তবে শহরের কোলাহলে এসব কেবলই স্মৃতি। এখনকার শিশুরা সেসব উপভোগ করতে পারে না নব্বই দশকের শিশুদের মতো। তাই বলে তো পহেলা বৈশাখের দিন তো ঘরে বসে থাকা যায় না। পহেলা বৈশাখ ঘিরে ঢাকার বিভিন্ন প্রান্তে বসছে নানা আয়োজন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার আর গ্রামীণ খেলাধুলার সমারোহ। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে দিনটি উপভোগ করতে পারেন। জেনে নিন রাজধানীর কোথায় কোথায় জমছে বৈশাখী মেলা।

বিসিক মেলা
বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর সহযোগিতায় এই মেলায় থাকছে দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বিশাল সমাহার। নকশিকাঁথা, মাটির পণ্য, বাঁশ-বেতের কাজ, গৃহসজ্জার সামগ্রী-সবকিছুই পাওয়া যাবে এক জায়গায়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাটি।
এসএমই বৈশাখী মেলা
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও
এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই মেলা বসেছে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এই মেলায় রয়েছে ৩০০টিরও বেশি স্টল। দেশীয় উদ্যোক্তাদের পণ্য, বৈচিত্র্যময় খাবার এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে করেছে আরও প্রাণবন্ত। পাশাপাশি নাগরদোলা, বায়োস্কোপ, টিয়া পাখির খেলা ও বানর খেলার মতো বিনোদনও রয়েছে। প্রবেশমূল্য মাত্র ৩০ টাকা।

লাল বৈশাখী
কামাল আতাতুর্ক পার্ক, বনানী
বনানীর কামাল আতাতুর্ক পার্ক-এ ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে ‘লাল বৈশাখী’। আয়োজনে থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, ফটোবুথ, বালিশ খেলা ও মিউজিক্যাল চেয়ারের মতো মজার আয়োজন। কনসার্টে পারফর্ম করবেন হাবিব ওয়াহিদ ও রেনেসাঁ, লেভেল ফাইভ, নেমেসিস ব্যান্ড। এছাড়া থাকছে স্ট্যান্ডআপ কমেডিও। প্রতিদিন ৩০০ টাকা টিকিটে প্রবেশ করা যাবে।
বৈশাখী আয়োজন
হোটেল ইন্টারকন্টিনেন্টাল
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার উইন্টার গার্ডেন ও রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ১৪ এপ্রিল আয়োজন করা হয়েছে বিশেষ বৈশাখী মেলা। এখানে থাকছে নাচ, গান, নাগরদোলা এবং বৈশাখী খাবারের সমাহার। কিছুটা প্রিমিয়াম এই আয়োজনে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।

বৈশাখী মেলা
দ্য রিভার এজ রেস্তোরাঁ, মিরপুর
মিরপুরের দ্যা রিভার এজ রেস্তোরাঁ-এ ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। পরিবার নিয়ে আরামদায়ক পরিবেশে খাওয়া-দাওয়া ও ছোটখাটো উৎসব উপভোগ করতে চাইলে এটি হতে পারে ভালো একটি অপশন।
বৈশাখী মেলা
এয়ার ফোর্স বেইজক্যাম্প, আগারগাঁও
বাংলাদেশ এয়ার ফোর্স-এর উদ্যোগে ১৪ এপ্রিল দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে বায়োস্কোপ, মেহেদি উৎসব, ফেস পেইন্টিং, ক্যারিকেচার, বাউল গান ও পটারি হুইল। পাশাপাশি লাটিম, মার্বেল, দাঁড়িয়াবান্ধা, রণপা, লুডু ও ক্যারামের মতো ঐতিহ্যবাহী খেলাধুলাও থাকবে। খাবারের তালিকায় থাকবে নানা বাঙালি পদ।
উৎসবে বৈশাখ
শেফস টেবিল কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ভাটারা
ভাটারার শেফস টেবিল কোর্টসাইড-এ ১৪ এপ্রিল আয়োজন করা হচ্ছে ‘উৎসবে বৈশাখ’। আলপনা, পাপেট শো, বাউল গান, নাগরদোলা ও বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। সাধারণ প্রবেশ টিকিট ২০০ টাকা, আর কনসার্ট উপভোগ করতে খরচ হবে ৮০০ টাকা।

আর্কা বৈশাখ ১৪৩৩
আলোকি, গুলশান
গুলশানের আলোকিতে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘অর্ক বৈশাখ ১৪৩৩’। এখানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার ও বিনোদনের নানা আয়োজন, যা নগর জীবনের মাঝে বৈশাখের আমেজ এনে দেবে।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী মেলা
পহেলা বৈশাখ মানেই চক বাজারসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে বসে ঐতিহ্যবাহী মেলা। এখানে পাওয়া যায় দেশি খাবার, খেলনা, মাটির সামগ্রী এবং পুরান ঢাকার নিজস্ব বৈশাখী পরিবেশ।
কেএসকে