ঈদের ছুটিতেও হাসপাতালে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ
ফাইল ছবি
দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডিউটি রোস্টার হালনাগাদ করা এবং আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা পৃথক দুটি নির্দেশনায় এ কথা জানানো হয়। এর মধ্যে একটি ১৬ মার্চ আরেকটি নির্দেশনা ১২ মার্চ দেওয়া হয়।
ডিউটি রোস্টার সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ রোস্টার সর্বদা হালনাগাদ রাখতে হবে। রোস্টার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত হতে হবে এবং অনুমোদন ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না।
এতে আরও বলা হয়, ডিউটি রোস্টার দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে এবং এর একটি কপি প্রতিষ্ঠানের প্রধানের কাছে সংরক্ষণ করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব বণ্টনে সমতা ও নিয়মিততা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ছুটিকালীনও হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে হবে। জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।
এছাড়া হাসপাতালের বেড, অক্সিজেন, আইসিইউ, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ও এমআরআইসহ সকল জরুরি সেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসক ও কর্মীদের ছুটি বাতিল করা যেতে পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক তদারকি করতে হবে। সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকরা নিজ নিজ এলাকায় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
এতে অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা, পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম মজুত রাখা এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে।
এসইউজে/এমআরএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ঈদের ছুটিতেও হাসপাতালে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ
- ২ স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু
- ৩ জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার আহ্বান
- ৪ শহরের দরিদ্র জনগোষ্ঠীর স্যানিটেশন প্রকল্প নিয়ে কর্মশালা
- ৫ ইনসাফ বারাকাহ হাসপাতালে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প