নিয়মিত খেলাধুলা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্যগ্রহণ, তামাক বর্জন এবং খেলাধুলা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীতে এক গণমুখী সেমিনারে এসব কথা বলেন তারা। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক এ সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।
বুধবার সকালে মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মলিক। তিনি বলেন, দেশে অসংক্রামক রোগ, বিশেষ করে হৃদরোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য, প্রাণিকুল ও পরিবেশ—এই তিনটি একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ‘ওয়ান হেলথ’ ধারণা অনুযায়ী টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে এ তিনটি ক্ষেত্রকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেশের ৩০০টিরও বেশি উপজেলায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করার কার্যক্রম চলছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ই-হেলথ কার্ড চালু এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চিকিৎসাসেবা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও তামাকের মতো নেশাজাতীয় দ্রব্যের কারণে তরুণ সমাজ ঝুঁকির মুখে পড়ছে। তাদের সুস্থ জীবনধারায় আনতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
পাশাপাশি হৃদরোগ চিকিৎসায় আস্থার প্রতিষ্ঠান হিসেবে হার্ট ফাউন্ডেশনকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, তরুণদের মধ্যে ই-সিগারেটের ব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। তাদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্যগ্রহণ, তামাক বর্জন এবং খেলাধুলা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক বিগ্রে. জেনা. (অব.) অধ্যাপক মো. ইউনুছুর রহমান।
এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে।
জানা গেছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ একটি অলাভজনক, সেবামূলক ও সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, যা হৃদরোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, চিকিৎসা ও রোগীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসইউজে/এমআইএইচএস/
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ নিয়মিত খেলাধুলা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- ২ দেশে প্রথমবার প্রাণীর জন্য টিকা কার্ড চালুর প্রস্তাব
- ৩ হামের টিকা সংকট নাকি অবহেলা, প্রাদুর্ভাবের নেপথ্যে কী?
- ৪ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৬
- ৫ জরুরি হাম-রুবেলা টিকাদান নিয়ে প্রশ্নোত্তর: অভিভাবকদের যা জানা জরুরি