ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

থাইল্যান্ডে নির্বাচন

জনমত জরিপে এগিয়ে থাকা দল ফলাফলে দ্বিতীয় অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

থাইল্যান্ডে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি প্রচারণা শেষে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। তবে অনেক থাই নাগরিক অবাক হয়ে নিজেদেরই প্রশ্ন করছেন—আসলে কী হলো?

নির্বাচনের আগে প্রকাশিত বেশিরভাগ জনমত জরিপে প্রগতিশীল পিপলস পার্টির জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিছু জরিপে বলা হয়েছিল, দলটি সংসদে ২০০টিরও বেশি আসন পেতে পারে, যা ২০২৩ সালের নির্বাচনে তাদের পাওয়া ১৫১ আসনের চেয়েও বড় সাফল্য হতো। খুব কম জরিপেই প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুলের দলের এগিয়ে থাকার ইঙ্গিত ছিল।

কিন্তু অধিকাংশ আসনে ভোট গণনার ফলাফলে স্পষ্ট হয়ে যায়, অনুতিন এক চমকপ্রদ জয় অর্জন করেছেন।

প্রাথমিক হিসাবে, অনুতিনের ভূমজাইথাই পার্টি ১৯৩টির বেশি আসন পেতে যাচ্ছে। এর ফলে জোটসঙ্গীদের নিয়ে হলেও পরবর্তী সরকার গঠনের পথে দলটির অবস্থান এখন অনেকটাই নিশ্চিত।

প্রায় ৯৫ শতাংশ কেন্দ্রের ফল আসার পর প্রাথমিক হিসাবে ৫০০ আসনের সংসদে ভূমজাইথাই পার্টি ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে।

নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে থাকা পিপলস পার্টি ফলাফলে দ্বিতীয় স্থানে অবস্থান করলেও ফল মেনে নিয়েছে। তবে দলটি ১৮টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে।

তৃতীয় স্থানে থাকা ফেউ থাই পার্টি জনসাধারণের সন্দেহ ওঠা এলাকাগুলোতে পুনঃপর্যালোচনার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে, সামরিকপন্থী ইউনাইটেড থাই নেশন পার্টি সারা দেশে পুনর্গণনার আহ্বান জানিয়েছে।

তবে এখনো দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি। আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ৬০ দিনের মধ্যে ফলাফল অনুমোদন করতে হবে।

সূত্র: রয়টার্স, বিবিসি

এমএসএম