ভারত
মসজিদে তালা: বাইরে নামাজ পড়ায় ১৩ শিক্ষার্থীকে নোটিশ-বন্ড সই
বাইরে নামাজ পড়ায় ১৩ শিক্ষার্থীকে নোটিশ/ ছবি:
ভারতের উত্তর প্রদেশে মসজিদের বাইরে নামাজ পড়ায় ১৩ শিক্ষার্থীকে নোটিশ দিয়েছে লখনৌ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি, প্রত্যেক শিক্ষার্থীকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ডের সঙ্গে ৫০ হাজার রুপির করে দুইজন জামিনদার দিতে বলেছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত লাল বারাদারি মসজিদের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়ায় বাইরেই নামাজ আদায় করেছিলেন এসব শিক্ষার্থী।
কী ঘটেছে?
জানা যায়, সম্প্রতি কিছু শিক্ষার্থী লাল বারাদারি মসজিদের সামনে নামাজ আদায় করেন এবং প্রবেশদ্বার সিল করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ নিয়ে হাসানগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর অশ্বিনী কুমার মিশ্র গত ২৩ ফেব্রুয়ারি একটি রিপোর্ট দেন। সেখানে বলা হয়, শিক্ষার্থীদের এই কর্মসূচি ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন>>
ভারতে হিন্দুত্ববাদী মবের প্রতিবাদ করায় উল্টো যুবকের বিরুদ্ধেই মামলা
ভারতে ৩ প্রবীণ মুসলিমকে মারধরের ভিডিও নিয়ে তোলপাড়
মুসলিমদের ছবিতে আসামের মুখ্যমন্ত্রীর ‘গুলি ’, বিতর্কের ঝড়
ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল
লাল বারাদারি ভবনটি মুঘল আমলের স্থাপনা। আগে সেখানে একটি ব্যাংক ও ক্যান্টিন ছিল। ২০১৭-১৮ সাল থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অবকাঠামোগত ঝুঁকির কথা উল্লেখ করে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ উপস্থিতিতে ভবনটি ঘিরে দেয় এবং প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
In Lucknow University, after the administration closed the campus mosque, Hindu students stood in solidarity by forming a human chain to protect Muslims offering Namaz and even broke fast with them. This is the real beauty of India; unity over hate. Let hate not win! pic.twitter.com/QIzoBa3jb7
— Salman Nizami (@SalmanNizami_) February 23, 2026
হিন্দু শিক্ষার্থীদের মানববন্ধন
ঘটনার দিন মুসলিম শিক্ষার্থীরা যখন বাইরে নামাজ আদায় করেন, তখন কিছু হিন্দু শিক্ষার্থী মানববন্ধন গড়ে তাদের নামাজ ও ইফতারে সহায়তা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
পুলিশের আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬, ১৩০ ও ১৩৫ ধারায় কার্যক্রম শুরু হয়। তাদের ‘শো-কজ’ নোটিশ দিয়ে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড এবং এক বছরের জন্য শান্তি বজায় রাখার অঙ্গীকারস্বরূপ ৫০ হাজার রুপির দুইজন জামিনদার দিতে বলা হয়েছে।
শিক্ষার্থী শুভম খারওয়ার বলেন, লাল বারাদারির ভেতরে নামাজের অনুমতি না পাওয়ায় মুসলিম শিক্ষার্থীরা বাইরে নামাজ পড়েন। এ কারণে নোটিশ দেওয়া হয়েছে। তিনি জানান, ফটক বন্ধের প্রতিবাদে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আরেক শিক্ষার্থী আহমেদ রাজা বলেন, নোটিশে উল্লেখ করা হয়েছে, নামাজ ও ইফতার আয়োজনের ফলে শান্তি বিঘ্নিত হয়েছে। তবে তিনি দাবি করেন, তারা কোনো আপত্তিকর স্লোগান দেননি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কিছু করেননি। তার ভাষ্য, হিন্দু ও মুসলিম শিক্ষার্থীরা একসঙ্গে অবস্থান নেওয়ায় কিছু মহল অসন্তুষ্ট হয়েছে।
#WATCH | Lucknow | Members of Bajrang Dal protest after a few students of Lucknow University offered 'namaz' at Lal Baradari mosque on the university premises pic.twitter.com/MBjHrqiyeB
— ANI (@ANI) February 24, 2026
হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
এই ঘটনার জেরে মঙ্গলবার ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং ‘জয় শ্রী রাম’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগান দেন। তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিধিনিষেধ অমান্য করে নামাজ আদায়ের অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: সিয়াসাত ডেইলি, এএনআই
কেএএ/