বিকেলে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানাবেন অ্যাটর্নি জেনারেল
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল/ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাতে যাবেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৫ এপ্রিল) বিকেল ৩টায় অ্যাটর্নি জেনারেল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে এ শ্রদ্ধা জানাবেন।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এমন তথ্য জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন অ্যাটর্নি জেনারেল।
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দেওয়ার পর গত ২৫ মার্চ তিনি নিজ কার্যালয়ে বসেন। এদিন কিছু প্রয়োজনীয় নথিতেও সই করেন।
এর আগে তাকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য।
এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
এর আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেন। এমপি নির্বাচিত হওয়ার পর বর্তমানে তিনি সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এফএইচ/এমকেআর