ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

এবার গুমের মামলায় গ্রেফতার মামুন খালেদ, জিজ্ঞাসাবাদের অনুমতি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৪ এপ্রিল ২০২৬

গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে, তদন্তের স্বার্থে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতিও দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, প্রসিকিউশনের কাছে তথ্য আছে, শেখ হাসিনার আমলে যেসব গুম-খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ হয়েছে, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ সেগুলোর মধ্যে অনেক ঘটনার সঙ্গে জড়িত।

এ জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধে তাকে ট্রাইব্যুনালে শোন অ্যারেস্ট করার আবেদন করা হয়েছিল। সেই সঙ্গে তাকে পরপর দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য আরেকটি আবেদন ছিল। ট্রাইব্যুনাল দুটি আবেদনই মঞ্জুর করেছে। ট্রাইব্যুনালের আদেশের পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এরপর তাকে আবারও ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানান আমিনুল ইসলাম।

গত ২৫ মার্চ রাতে মিরপুরের বাসা থেকে গ্রেফতার হন মামুন খালেদ। এরই মধ্যে অন্য মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে ছিলেন। এরপর ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।

গ্রেফতারের পর মামুন খালেদকে জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

এফএইচ/এমএমকে