ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

আদালতে খালেদা

প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১০ আগস্ট ২০১৬

নাশকতা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১২ মামলায় হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তিনি আদালতে উপস্থিত হয়েছেন। এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আদালতের উদ্দেশে রওনা করেন তিনি।

এদিকে খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় জড়ো হয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুলিস্থান থেকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়ে মিছিল নিয়ে নিম্ন আদালত পর্যন্ত আসেন নেতাকর্মীরা। পরে পুলিশ নেতাকর্মীদেরকে সরে যেতে বাধ্য করেন।

আজ যে ১২টি মামলায় তিনি হাজিরা দেবেন সেগুলো হচ্ছে- রাজধানীর দারুসসালাম থানার নাশকতার ৯ মামলা, নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলা।

এর মধ্যে দারুসসালাম থানার নাশকতার ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন তিনি। এই ৯ মামলায় তাকে পলাতক দেখিয়ে চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। অপর তিন মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

দারুসসালাম থানার নাশকতার ৯ মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।নাইকো দুর্নীতি মামলাটি ঢাকার ৯ নং বিশেষ জজ আদালতে ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি ঢাকার  ২ নং বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।

এমএম/জেএ/এআরএস/পিআর

আরও পড়ুন