দুই মামলায় খালেদার বিরুদ্ধে আপিল আবেদন প্রস্তুত
মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ঢাকার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন বিচারিক আদালতে নিষ্পত্তি সংক্রান্ত হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের প্রস্তুতি চলছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মানহানির দুই মামলায় অ্যার্টনি জেনারেলের কার্যালয়ে আপিল আবেদনের প্রস্তুতি চলছে।
গত ৩১ মে ওই দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট। একই সঙ্গে দুই বিচারিক আদালতে খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন।
খালেদা জিয়ার জামিন সংক্রান্ত দুটি পৃথক আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
রাজাকারদের মদদ দেওয়া ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলা দুটি করা হয়। দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ১৭ মে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন বিচারিক আদালত। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৫ জুলাই গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার ওসি (তদন্ত) এ বি এম মশিউর রহমান যুদ্ধাপরাধীদের মদদ দেয়া সংক্রান্ত মামলায় প্রতিবেদন জমা দেন।
২০১৬ সালের ৩ নভেম্বর এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করেন।
এছাড়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট একই আদালতে একটি মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।
এফএইচ/এমএআর/এমবিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ গৌরীপুরে তিনজনকে হত্যা: প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- ২ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্তদের মুক্তি নয়
- ৩ হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৪ ফেব্রুয়ারি
- ৪ র্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল
- ৫ পি কে হালদারের ‘বান্ধবী’ নাহিদা রুনাইয়ের কোটি টাকার সম্পদ জব্দের আদেশ