ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

কোঁকড়া চুল লম্বা করতে চাইলে ব্যবহার করুন ঘরোয়া প্যাক

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৩১ মার্চ ২০২৬

কোঁকড়ানো চুল সহজে সেট করা যায় না, দ্রুত জট বেঁধে যায় এবং শুষ্ক আবহাওয়ায় আরও রুক্ষ হয়ে ওঠে। অনেকেই অভিযোগ করেন, কোঁকড়ানো চুল ঠিকমতো লম্বা হতে চায় না বা ঘনত্ব কমে যায়। আসলে সঠিক যত্ন ও পুষ্টির অভাবেই এই সমস্যা দেখা দেয়।

কোঁকড়ানো চুলে প্যাক ব্যবহারের গুরুত্ব
কোঁকড়ানো চুলে প্রাকৃতিক তেলের ঘাটতি বেশি থাকে, ফলে চুল দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই এমন উপাদান ব্যবহার করা দরকার, যা চুলে আর্দ্রতা ধরে রাখবে এবং চুলের গোড়া শক্ত করবে। ঘরোয়া প্যাকগুলো চুলে পুষ্টি জোগায়, জট কমায় এবং ধীরে ধীরে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

ঘরোয়া কিছু প্রাকৃতিক প্যাক ব্যবহার করলে সহজেই কোঁকড়ানো চুল নরম, মসৃণ ও লম্বা করা সম্ভব-

jago

ডিম ও অলিভ অয়েলের প্যাক
এই প্যাকটি কোঁকড়ানো চুলকে মসৃণ ও শক্তিশালী করতে বেশ কার্যকর। একটি ডিমের সাদা অংশ, ২ চামচ অলিভ অয়েল, ১ চামচ অ্যাভোকাডো অয়েল, ১ চামচ নারিকেল তেল একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। তারপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগান। ৩০-৪০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ডিমের প্রোটিন চুলকে মজবুত করে, আর তেলগুলো চুলে আর্দ্রতা যোগায়। ফলে চুল কম ভাঙে এবং ধীরে ধীরে লম্বা হয়।

অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েলের প্যাক
চুলের বৃদ্ধিতে এই প্যাকটি খুবই জনপ্রিয়। ৩-৪ টেবিল চামচ টাটকা অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ভালোভাবে মিশিয়ে মাথার তালু ও চুলে ম্যাসাজ করুন। অন্তত ১ ঘণ্টা রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।অ্যালোভেরা চুলকে নরম ও হাইড্রেটেড রাখে, আর ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং ঘনত্ব বাড়ায়।

jago

নারিকেলের দুধ ও লেবুর রসের প্যাক
এই প্যাকটি চুলের জট ছাড়াতে ও খুশকি দূর করতে কার্যকর। আধা কাপ ঘন নারিকেলের দুধ, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন, যাতে এটি একটু ঘন হয়। এরপর চুলে ভালোভাবে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নারিকেলের দুধ চুলে পুষ্টি জোগায় এবং লেবুর রস খুশকি কমাতে সাহায্য করে। এতে চুল নরম, মসৃণ ও ঘন হয়।

কোঁকড়ানো চুলের যত্নে নিয়মিত খুব গুরুত্বপূর্ণ। এই প্রাকৃতিক প্যাকগুলো সপ্তাহে নির্দিষ্ট সময় ব্যবহার করলে চুলের শুষ্কতা কমে, জট সহজে ছাড়ে এবং ধীরে ধীরে চুল লম্বা ও ঘন হয়ে ওঠে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও চুলের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: ভোগ, বি বিউটিফুল, ফেমিনা

এসএকেওয়াই

আরও পড়ুন