তিন ছোট অভ্যাসে প্রস্তুত শানায়ার দিন
অভিনেত্রী শানায়া কাপুর, ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভোরে ঘুম থেকে উঠতে পারেন না বলে তার দিন শুরু হয় একটু দেরিতে। এমনকি শুটিং না থাকলে ৮টার আগে বিছানা ছাড়তে পারেন না তিনি। তবে ঘুম থেকে যখনই উঠেন তখনই নির্দিষ্ট তিন নিয়মে শুরু হয় অভিনেত্রী শানায়া কাপুরের সকাল। অভিনেত্রীর বিশ্বাস এই তিন কাজই সারাদিনের জন্য শরীর ও মনকে তাজা করে দেয়।
ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমেই মুখে দেন বরফপানির ঝাপটা। অনেক বলিউড তারকার মতো তিনিও ঠান্ডা পানির তাৎক্ষণিক প্রভাবের উপর ভরসা রাখেন। ঘুম কম হলে বা মুখ ফোলা দেখালে বরফশীতল জলের সংস্পর্শ ত্বককে দ্রুত সতেজ করে তোলে। ঠান্ডা পানি রক্তনালিকে সঙ্কুচিত করে, ফলে ফোলা ভাব কমে এবং ত্বক সাময়িকভাবে টানটান লাগে।

বিশেষ করে সকালে স্বাভাবিকভাবেই মুখে যে সামান্য ফোলাভাব থাকে, তা কমাতে এই পদ্ধতি কার্যকর। রক্তসঞ্চালন সামান্য বেড়ে যাওয়ায় ত্বক উজ্জ্বলও দেখাতে পারে। শানায়ার কথায়, এটি তার ‘মর্নিং রিসেট’ দিনের শুরুতেই সতেজ অনুভূতির জন্য এই ছোট্ট টোটকা।
ত্বকচর্চার পরেই তার সময় পোষ্যের জন্য। ব্যস্ত দিন শুরু হওয়ার আগে কয়েক মিনিটের খেলাধুলো বা আদর এই সময়টুকুই তাকে মানসিকভাবে চাঙ্গা করে। গবেষণায় দেখা গেছে, পোষ্যের সঙ্গে সময় কাটালে ডোপামাইন, সেরোটোনিন ও এন্ডরফিনের মতো সুখ-অনুভূতির হরমোন ক্ষরিত হয়। একই সঙ্গে কমে কর্টিসল, অর্থাৎ মানসিক চাপের হরমোন।
ফলে মন হালকা হয়, উদ্বেগ কমে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকতে পারে। সকালের দিকে অল্প নড়াচড়াও হয়ে যায়, যা হালকা ব্যায়ামের সমান উপকার দেয়। শানায়ার মতে, দিনভর ব্যস্ততার আগে এই সময়টুকুই তার সবচেয়ে নির্ভেজাল আনন্দ।

এই মুহূর্তে তিনি চায়ের প্রেমে পড়েছেন। তাই সকাল মানেই এক কাপ চা। একটু সময় নিয়ে, ধীরে ধীরে। তবে বিশেষজ্ঞদের মতে, খালি পেটে অতিরিক্ত ক্যাফিন শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দুধ-চিনি মেশানো চা নিয়মিত খেলে গ্যাস বা অম্লতার সমস্যা বাড়তে পারে।
চা খাওয়ার আগে হালকা কিছু খেলে অম্লতা কম হয়। না হয় বুকজ্বালা, বদহজম, বমিভাব এমনকি দীর্ঘমেয়াদে পাকস্থলীর সমস্যাও দেখা দিতে পারে। তাই অভ্যাস ভাল হলেও, মাত্রা ও সময়ের দিকে নজর রাখা জরুরি।
আরও পড়ুন:
- নকশিকাঁথার নান্দনিকতায় আত্মবিশ্বাসী বাঁধন
- নীলের রাজকীয় আবরণে কোয়েল মল্লিক
- জেন জির স্টাইলে তামান্নার ফাইন জুয়েলারি
দেরিতে ঘুম ভাঙলেও দিনের প্রস্তুতিতে ফাঁকি দেন না শানায়া কাপুর। বরফপানির সতেজতা, পোষ্যের সান্নিধ্যের মানসিক প্রশান্তি আর এক কাপ চায়ের আরাম এই তিন অভ্যাসেই তার সকাল সম্পূর্ণ হয়। ছোট ছোট এই নিয়মগুলোই ব্যস্ত জীবনের ভিত মজবুত করে দেয়।
জেএস/