ফিলিস্তিনের বুকেই ফুটবে জয়ের নতুন ভোর
ফাইল ছবি
মাহজাবীন তাসনীম রুহী
ধূলি-ঢাকা বিচ্ছিন্ন শহর, আকাশজুড়ে চাঁদ,
রমজানেরই নিঃশব্দ শোভা, বুকের মাঝে সাধ।
ইফতারে নেই খেজুর-রুটি, শূন্য থালা পড়ে,
তবু ওদের শুকনো ঠোঁটে আল্লাহর নাম ঝরে।
ছিন্ন ঘর আর পোড়া দেয়াল, ধোঁয়ার কালো রেখা,
হারানো সব মুখের স্মৃতি চোখে জাগায় দেখা।
গুলির শব্দ থামেনি আজও গাজার সেই পথে,
তবু সিজদায় নত হয় তারা প্রভুর প্রেমের রথে।
ক্ষুধার আগুন দগ্ধ করে শিশুর কোমল প্রাণ,
মায়ের কোলে লুকায় ভরসা—আসমানি দান।
মৃত্যুর ছায়া ঘিরে ধরেও ভয় পায় না যে মন,
রক্তমাখা মাটির বুকে নেয় তারা নতুন স্বপন।
হায়েনারা ওঁৎ পেতে রয় নখর মেলে রাত,
ছিন্ন-ভিন্ন স্বপ্নগুলো আজ গুনছে কত ঘাত।
তবু আঁধার স্থায়ী নয়—আলো তো আসবেই,
শহীদেরই রক্তস্রোতে বিজয় আবার হাসবেই।
জালিম শক্তি যতই হোক পাহাড়সম ভার,
ঈমান যেন শিকড় গাড়া অটল অগ্নিধার।
রব ছাড়া কারো তরে নোয়াবে না শির,
তপ্ত রক্তে গড়বে ওরা স্বাধীনতার নীড়।
বিশ্ব যদি থাকে চুপ, আকাশ হবে সাক্ষী,
অশ্রু মুছে উঠবে জেগে প্রভাতেরই পাখি।
ধ্বংসস্তূপ সরিয়ে আবার গড়বে আপন ঘর,
ফিলিস্তিনের বুকেই ফুটবে জয়ের নতুন ভোর।
এসইউ