তানজিদ শুভ্রর বসন্তের পঙ্ক্তিমালা
ফাইল ছবি
এখানে বসন্তও আসে শরতের শুভ্র রঙে,
হাওয়াই মিঠাইয়ের মতো মেকি স্নিগ্ধতায়।
পলাশের লাল নেই, নেই শিমুলের দহন,
ইটের পাঁজরে শুধু বিবর্ণ ঋতুর বহন।
যেখানে কোকিল ডাকার কথা ছিল উদাস দুপুরে,
সেখানে যান্ত্রিক কোলাহল বাজে বেসুরো সুরে।
****
বসন্ত আসে
শিমুলের গন্ধহীন লাল ফুলে,
বসন্ত আসে
ঝরাপাতার মড়মড়ে শব্দে।
বসন্ত আসে
যুগলের হলুদ শাড়ি কিংবা পাঞ্জাবিতে,
বসন্ত আসে
ফাগুনের গন্ধহীন দগ্ধ মন নিয়ে।
বসন্ত যায়
কালবৈশাখীর বার্তা দিয়ে,
মাঠ ঘাট চৌচির করে...
****
বসন্তকে ভালোবেসে যে মুকুল আজ বৃক্ষের শাখায়,
বসন্ত শেষে জ্যৈষ্ঠের প্রেমে আম হয়ে ঝুলবে!
তবে, দশকের সবকটি বসন্ত শেষেও
তুমি আসবে না আমার ভুবনে,
বাঁধবে না আমায় তোমার বাঁধনে।
****
বসন্তের পড়ন্ত বেলায় যখন
রিমঝিম করে বৃষ্টি ঝরে;
ঠিক তখনি তোমার কথা মনে পড়ে,
মনে পড়ে বৃষ্টিভেজা বিকেলে!
পিচঢালা পথে চলা, তোমার হাত ধরে!
ভেজা চুলের সেই লাল গোলাপ,
আজ শুষ্ক হয়ে কালো তার রং;
তবুও তুমি এ হৃদয়ে আজও অমর।
এসইউ