চট্টগ্রাম বন্দর
আন্দোলনরত আরও ৭ কর্মচারীকে বদলি, সোমবারও ফের কর্মবিরতি
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত আরও ৭ কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসার মো. নাসির উদ্দিনের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজে প্রয়োজনের কথা উল্লেখ করে এসব কর্মীকে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ঢাকায় বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশে ১ ফেব্রুয়ারি বদলির সিদ্ধান্ত কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই তারিখেই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
এ নিয়ে দুই দিনে বন্দরের মোট ১১ কর্মচারীকে বদলি করা হলো। পাশাপাশি আন্দোলনরত শ্রমিকরা সোমবারও ৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন।
রোববার বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, হুমায়ুন কবির, শাকিল রহমান, মানিক মিয়া ও শামসু মিয়া। তারা বন্দরের পরিবহন, প্রশাসন, বিদ্যুৎ, যান্ত্রিক, পরিকল্পনা ও সেশন বিভাগে কর্মরত ছিলেন। নতুন আদেশ অনুযায়ী তাদের পানশী ও কমলাপুর আইসিডিসহ ঢাকার বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে শনিবার বন্দরের চার কর্মচারীকে ঢাকা পানগাঁও আইসিটিতে বদলি করে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অবশ্য এ বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করে। ওই চার কর্মচারী হলেন অডিট সহকারী মো. হুমায়ুন কবির (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণী -নৌ বিভাগ), উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ), এস এস খালাসী মো. ফরিদুর রহমান (প্রকৌশল বিভাগ)।
এদিকে এনসিটি ইজারা এবং কর্মচারীদের বদলির প্রতিবাদে সোমবার সকাল ৮টা থেকে ৮ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের’ ব্যানারে এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক কর্মচারীরা।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও চট্টগ্রাম বন্দরের অডিট সহকারী মো. হুমায়ুন কবির বলেন, বন্দর কর্তৃপক্ষ এনসিটির বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার তোয়াক্কা না করে উল্টো দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। একের পর এক বদলি আদেশ আসছে। এতে ফল উল্টো হবে। আগামীকালও (সোমবার) ৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছি আমরা।
এমডিআইএইচ/এমআইএইচএস