ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ভোটের দায়িত্ব শেষে ফেরার পথে বাস উল্টে ২ আনসার সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে জাতীয় নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাস দুর্ঘটনায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত একটার দিকে নগরীর কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আব্দুল জব্বার ও শেরপুরের সুলতান মিয়া। দুর্ঘটনাস্থলেই আব্দুল জব্বারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুলতান মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মারা যান।

আনসার সূত্র জানায়, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন শেষে ২৩ জন আনসার সদস্য নিয়ে একটি বাস নগরে ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৬ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আরও পড়ুন
নারায়ণগঞ্জে সেলুনে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫ 
ফরিদপুরে বিএনপি সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, আহত ১২ 

আহতদের মধ্যে তিনজন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরেকজনকে ঢাকায় বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজনই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণ জোনের চট্টগ্রাম মহানগর ইউনিটে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ বলেন, বাসে থাকা আনসার সদস্যদের মধ্যে দুজন নিহত ও আহত হয়ে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এমআরএএইচ/কেএসআর