চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুলিশের একটি চৌকস দলের সালাম প্রদর্শনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও মো. এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও পুলিশ সুপার নাজির আহমেদ খান। বীর মুক্তিযোদ্ধারাও ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হন।
চট্টগ্রাম মহানগর বিএনপি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, নৌ পুলিশ ও পিবিআইসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
শহীদ মিনার প্রাঙ্গণে ছিল নীরবতা ও শ্রদ্ধার আবহ। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে সুরে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন উপস্থিত জনতা।
এমআরএএইচ/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ সরকার সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর
- ২ ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা
- ৩ মাতৃভাষা দিবসে বাংলায় কথা বলে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
- ৪ দেশপ্রেম ও সততায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে: আবু সুফিয়ান
- ৫ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা