ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চার্জ ছাড়াই টিকিট রিফান্ড ও যাত্রার তারিখ পরিবর্তনের সুযোগ দিলো বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। তবে এই ছয় রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্য রুটের (জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট) ফ্লাইট যথারীতি পরিচালিত হচ্ছে।

বুধবার (৪ মার্চ) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আরও পড়ুন
ইরানের হামলা, কী করবে সৌদি-কাতার-আমিরাতের মতো দেশগুলো? 
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাময়িক স্থগিত হওয়া এই রুটগুলোতে যাত্রীরা, যারা স্থগিত থাকাকালীন যাত্রার জন্য টিকিট সংগ্রহ করেছেন- তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যে কোনো সেলস সেন্টার অথবা কেনা টিকিট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে এই সেবা নিতে পারবেন।

এছাড়া, বিমানের ফ্লাইট সম্পর্কিত যে কোনো তথ্য জানতে যাত্রীরা বিমানের কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন। যাত্রীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান। 

এমএমএ/কেএসআর