রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর নিউমার্কেট থানাধীন পিলখানা বিজিবি হেডকোয়ার্টারের ভেতরে একটি নির্মাণাধীন ১৫তলা ভবনে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে মো. রমজান আলী (৫৫) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ আব্দুস সাত্তার জানান, আমরা খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান,আমরা স্বজনদের মুখে জানতে পেরেছি নিহত একজন রংমিস্ত্রি ও গ্রিলের কাজ করতেন।গতকাল সন্ধ্যার দিকে পিলখানার বিজিবি হেডকোয়ার্টারের একটি নির্মাণাধীন ১৫তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ জাকির হোসেন হাসপাতালে নেওয়া হলে ওখানেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ের জামাতা মোহাম্মদ মিরাজ জানান, আমার শ্বশুর পেশায় রংমিস্ত্রি ও গ্রিলের কাজ করতেন। আমরা জানতে পারি আমার শ্বশুর কাজ করার সময় ভবনের ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন। পরে আমরা এসে আমার শ্বশুরের লাশ শনাক্ত করি।
তিনি আরও জানান, আমার শ্বশুর ময়মনসিংহ জেলার ভালুকা থানার তুলিভিটা গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা ৮ নং রোডে ডিআইডি প্রজেক্টের বাবুলের গ্যারেজে থাকতেন। আমার শ্বশুর চার মেয়ের জনক ছিলেন।
এএমএ/এএসএম