ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে: ডিএসসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৩ এএম, ১২ মার্চ ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। পাশাপাশি, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যও আমাদের কাজ করতে হবে।’

বুধবার (১১ মার্চ) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত বিশেষ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে এ আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসক আগামী স্বাধীনতা দিবসে সংস্থার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও এতে হাজির থেকে সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ছয় শতাধিক সদস্য অংশ নেন।

এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা ও ন্যায়বিচারের দাবি জানান। পরে ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএমএ/একিউএফ