ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

এনবিআরের উপ-কমিশনার মুকিতুলকে লঘুদণ্ড দিয়ে বরখাস্ত আদেশ প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১২ মার্চ ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (উপ-কমিশনার) মুকিতুল হাসানের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুদ্ধ-১ শাখার প্রজ্ঞাপনে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ আদেশ দিয়েছেন।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের সম্পূরক শুল্ক কমিয়ে আনার ক্ষেত্রে দেশটির তরফে কী ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে তা প্রকাশের অভিযোগে গত বছরের ১৬ জুলাই মুকিতুলের বিরুদ্ধে মামলা করা হয়। তার আগে এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে এনবিআরে ন্যস্ত করা হয়।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, তদন্তকারী কর্মকর্তার দাখিল করা তদন্ত প্রতিবেদন অনুযায়ী মুকিতুলের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(২)(ঘ) মোতাবেক তার বেতন গ্রেড বর্তমান ধাপ থেকে তিন ধাপ নিম্নে মূল বেতন তিন বছরের জন্য অবনমিতকরণের লঘুদণ্ড দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে আনা অভিযোগ, তদন্ত প্রতিবেদন ও বিভাগীয় মামলা সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনাক্রমে বর্ণিত ‘অসদাচরণ’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দণ্ডের মেয়াদকাল পরবর্তীতে বেতন বৃদ্ধির জন্য গণনাযোগ্য হবে না এবং ওই সময়ের জন্য কোনো বকেয়া প্রাপ্য হবেন না। একই সঙ্গে এ বিভাগের ২০২৫ সালের ১৬ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী মুকিতুলকে চাকরি থেকে সাময়িক বরখাস্তকরণ সংক্রান্ত আদেশটি প্রত্যাহার করা হলো। তার সাময়িক বরখাস্তকাল অসাধারণ ছুটি হিসেবে গণ্য হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে চাওয়া রেসিপ্রোকাল ট্যারিফ সংক্রান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার খসড়া চুক্তি যা অত্যন্ত গোপনীয় এবং নন ডিজক্লোজ এগ্রিমেন্ট হওয়া সত্ত্বেও সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত না হয়ে ওই খসড়া চুক্তির কপি দ্বিতীয় সচিব (উপ-কমিশনার) মুকিতুল সাংবাদিক (ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং বর্তমানে ৭১ টিভিতে কর্মরত) রুহুল আমিনকে সরবরাহ করেছেন। পরবর্তীতে ওই খসড়া চুক্তি সাংবাদিক জুলকারনাইন সায়ের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলা আউটলুক এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী রেসিপ্রোকাল ট্যারিফ-বিষয়ক চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় এবং এটি প্রকাশ হওয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এতে আরও বলা হয়, তার ওই ধরনের কার্যকলাপ বা আচরণ চাকরি শৃঙ্খলার জন্য হানিকর, শিষ্টাচার বহির্ভূত ও সরকারি আদেশ অবজ্ঞাকরণের শামিল যা ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯’ এর ১৯ বিধির লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।

এসএম/একিউএফ