ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

‘সরকার মব সংস্কৃতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৫ মার্চ ২০২৬

সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

গতকাল দেখলাম আদালতে একজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মব হয়েছে, হামলা হয়েছে। যেটা আমরা গত এক দেড় বছর ধরে দেখেছি। এখনো পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কাউকে আপনারা গ্রেফতার বা কোনো কিছু দেখিনি। মবকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন কি না? জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই গণমাধ্যমের সঙ্গে আপনার সংযোগ আছে এবং মব সম্পর্কে আমাদের সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। সবাই আপনারা জানেন আমাদের পজিশনটা কী।’

তিনি বলেন, ‘তবে আমাদের সবারই মাথায় রাখতে হবে- আমরা যখন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের ওপরে দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে।’

আরও পড়ুন
তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না

‘আশা করি দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে অপসংস্কৃতি আমাদের অনেকের মাথার মধ্যে কাজ করছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই আইনের জায়গাতে ফিরে আসতে পারবো।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘আমাদের সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।’

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

আরএমএম/বিএ