ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. রাকিব (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার ভেড়া মার্কেট এলাকার একটি স্লুইসগেটের পাশ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রাকিবের বাবা মাঈন উদ্দিন পেশায় দিনমজুর। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে হলেও গত চার বছর ধরে পরিবারসহ চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বসবাস করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে রাকিব নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাকিবের বাবা মাঈন উদ্দিন জানান, তিনি ফিশারিঘাট এলাকার একটি মাছের আড়তে কাজ করেন। বিকেল ৫টার দিকে বাসায় ফিরে ছেলের নিখোঁজ হওয়ার কথা জানতে পারেন। পরে স্থানীয়দের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

মাঈন উদ্দিন বলেন, তার চার মেয়ে ও এক ছেলে। রাকিবই ছিল তার একমাত্র ছেলে।

এমআরএএইচ/এমআইএইচএস