ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সাতরাস্তার যানজট কমাতে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ

প্রকাশিত: ১০:১৭ এএম, ০৬ এপ্রিল ২০১৬

মগবাজার-সাতরাস্তার ফ্লাইওভারের কারণে মগবাজারের চিত্র একদম বদলে গেছে। কিন্তু বদলায়নি তেজগাঁও সাতরাস্তা এলাকায় চিত্র। উপর দিয়ে নিচ দিয়ে সব গাড়ি এখন ওই রুটে বেশি চলাচল করছে আর সে কারণে প্রচণ্ড যানজটের তৈরি হয়েছে। আর তাই যানজট কমাতে সাতরাস্তার বিকল্প তিনটি রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক পুলিশ।

“বিকল্প সড়ক ব্যবহার করুন কম সময়ে গন্তব্যে পৌঁছান” এই স্লোগানে নিয়ে বিকল্প সড়ক উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন।

Police

এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আবু ইউছুফ বলেন, ৩টি বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। অভিযানের অংশ হিসেবে নিকেতনের শান্তা টাওয়ার থেকে তেজগাঁওয়ের রেজিস্টেশন কমপ্লেক্স পর্যন্ত রাস্তা বিভাজন করা হয়েছে। সরিয়ে দেয়া হয়েছে আশে পাশের ভ্রাম্যমাণ হকার ও পার্ক করা গাড়ি। ফলে গুলশান বা রামপুরা থেকে আড়ং হয়ে আসা গাড়ি সাতরাস্তা ফ্লাইওভার এবং মহাখালী উভয় দিকে যেতে পারবে। রাস্তাটির নির্দেশনা হচ্ছে শান্তা ক্রসিং পশ্চিম-রেজিস্টেশন কমপ্লেক্স। তারপর ডানে তিব্বত ক্রসিং এবং বামে বিজয় সরণি এবং সাতরাস্তা।

২য় বিকল্প রাস্তাটি মহাখালী থেকে আসা গাড়ির তিব্বত ক্রসিং বর্জন। পথ নির্দেশনা হচ্ছে নাবিস্কো বামে মোড়-প্রথম ক্রসিং ডানে মোড়-ওয়ার্ড কমিশনারের অফিস। তারপর রেজিস্টেশন কমপ্লেক্স ডানে মোড়-সমকাল হয়ে বিজয় সরণির পূর্ব মাথা (লাভ রোড)। কেউ কেউ কমিশনারের অফিসের সামনে দিয়ে তিব্বত ক্রসিং এর পূর্বে বামের রাস্তায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পেছন দিয়ে লাভ রোডে আসতে পারেন।

৩য় বিকল্প রাস্তাটি হচ্ছে ফার্মগেট বামের রাস্তা-বিজ্ঞান কলেজ-ট্রাকস্ট্যান্ড সাতরাস্তা হয়ে ফ্লাইওভার। কম সময়ে রাস্তাটি পার হওয়া যাবে এবং কোথাও যানজট নেই। রিকশার অধিপত্য থাকলেও গাড়ির অধিপত্য বিস্তার করতে পারলে রিকশা কমে যাবে।

Police

এসি ইউছুফ বলেন, মানুষ বিকল্প সড়ক ব্যবহার করতে চায় না। যানজট নিরসন করা ট্রাফিক পুলিশের প্রধান কাজ। তাই ট্রাফিক পুলিশের নির্দেশিত পথ ব্যবহারের মাধ্যমে যানজট নিরসনে যাত্রী সাধারণকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তিনি।

গুলশান-১, ২ এলাকার কর্মজীবীরা কারওয়ান বাজার, ফার্মগেট রুট হয়েই অফিস যান। মগবাজার, হাতিরঝিল, সাতরাস্তার দীর্ঘ যানজটের ভয়ে অনেকেই চলাচল করতেন না। অনেকেরেই ধারণা ছিল মগবাজার-সাতরাস্তার ফ্লাইওভারটি চালু হলে যানজটের অবসান ঘটবে। অল্প সময়েই গন্তব্যে যাওয়া যাবে। কিন্তু পরিবর্তন আসেনি। সাত রাস্তা হয়ে ফ্লাইওভারটি দিয়ে উঠে কিছু দূর আসতেই দীর্ঘ যানজটে আটকে যাচ্ছেন সবাই।

আগে রাস্তায় যানজটে আটকে গেলেও গলি পথে বের হওয়া যেতো। কিন্তু ফ্লাইওভারের উপর আটকে গেলে নিচে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না যাত্রী সাধারণের।

জেইউ/এসকেডি/এবিএস