ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সমাজকল্যাণ পরিষদের অর্থ সম্পর্কে জানতে চায় সংসদীয় কমিটি

প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৭ এপ্রিল ২০১৬

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের অর্থ কিভাবে এবং কাদের মধ্যে বণ্টন করা হয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ সম্পর্কে একটি প্রতিবেদন দেয়ার সুপারিশ করছে কমিটি। এছাড়াও প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে কত টাকা বণ্টন করা হয়েছে এর একটি প্রতিবেদন দেয়ারও সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের বৈঠকে অংশ নেন।

বৈঠকে মৈত্রী শিল্পের বর্তমান অবস্থা ও প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স গঠনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক হতে উপ-পরিচালক পদে পদোন্নতির দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পদোন্নতি না হওয়া পর্যন্ত উপ-পরিচালক পদে উক্ত কর্মকর্তাদের চলতি দায়িত্ব দেয়ার সুপারিশ করে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/একে/আরআইপি