ঢাকা-৬: আত্মবিশ্বাসী ইশরাক, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা মান্নানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ আসনে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা পৃথক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাতে চেষ্টা করেন।
এদিন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নিজের নির্বাচনি বার্তা তুলে ধরেন।

গণসংযোগের এক পর্যায়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কোন পথে যাবে, তা নির্ধারিত হবে। আমরা কোনো ধরনের উসকানিতে পা দেবো না। জনগণের যে সমর্থন আমাদের রয়েছে, সেটাকে আমরা কখনো বিপথে যেতে দেবো না।
আরও পড়ুন
জামায়াত আমিরের আসনে ৪৯ শতাংশই নারী ভোটার, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
ঢাকা-১৭ এ তারেক রহমানের পক্ষে কাজ করতে চান স্বতন্ত্র প্রার্থী এনায়েত
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সূত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগ করেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন। এছাড়া নির্বাচিত হলে জনগণের সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, জামায়াতের পক্ষ থেকে তাদের নির্বাচনি মাইকিং প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে দলটির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, নারিন্দা হলুদ মসজিদ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ভোট চাইতে গেলে তাদের প্রচারণায় বাধা সৃষ্টি করা হয়। বিষয়টি জানতে পেরে প্রার্থী আব্দুল মান্নান মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।
এমডিএএ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান