নবনির্বাচিত এমপি
জনস্বাস্থ্য ও সমাজের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে চান ড. মুহিত
সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ড. এম এ মুহিত/ছবিধ জাগো নিউজ
দেশের জনস্বাস্থ্য খাত ও সমাজের প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ড. এম এ মুহিত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের কর্মপরিকল্পনা নিয়ে জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হন ড. মুহিত। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ পান ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট।
ড. এম এ মুহিত বলেন, আমি জনস্বাস্থ্য ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে চাই। দেশের ৬৪ জেলা থেকে প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের জীবনমানের উন্নয়ন করতে চাই। প্রতিবন্ধী মানুষদের সমাজের মূলধারায় নিয়ে আসতে চাই।
নিজের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরে তিনি বলেন, আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় এমএসসি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি।
আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যখাতে দেশবাসীর কল্যাণ করতে চাই—উল্লেখ করে ড. মুহিত বলেন, আমি ২০০০ সালে বাংলাদেশে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য দেশব্যাপী ‘চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রজেক্ট অব বাংলাদেশ’ কর্মসূচির কাজ শুরু করি। এ কর্মসূচি বর্তমানে একটি আন্তর্জাতিক এনজিও হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার নেতৃত্বে বিগত ২৫ বছরে বাংলাদেশের ৬৪ জেলার ৩৮৫টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ৩৫ হাজার ৫০০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ১৩ হাজার ৫০০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিশুর বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নিয়েছি। বর্তমানে এই শিশুরা স্বাভাবিক জীবনযাপন করছে।
‘এরই মধ্যে ঢাকায় দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে আধুনিক চিকিৎসার জন্য একটি শিশু চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য থেরাপি সেন্টার আমার নিজ বাড়ি শাহজাদপুরে প্রতিষ্ঠা করেছি। এখানে প্রতিবছর প্রায় ৪৫০ জন শিশু ও তাদের পরিবার উপকৃত হচ্ছে। একটি হুইলচেয়ার কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে, যার মাধ্যমে প্রতি বছর প্রায় ৬০০ চেয়ার তৈরি এবং দরিদ্র প্রতিবন্ধী শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রায় ১ হাজার ২০০ দৃষ্টি প্রতিবন্ধী শিশু এবং তাদের পরিবার পুনর্বাসন কর্মসূচির সুবিধা পাচ্ছে’—যোগ করেন নবনির্বাচিত এ সংসদ সদস্য।
এলাকার কোন বিষয়ে গুরুত্ব দিতে চান—এমন প্রশ্নে ড. মুহিত বলেন, আমি এক লাখ ৭০ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। ভোটের সময় ২০০টির বেশি উঠান বৈঠক করেছি। সবার সঙ্গে কথা বলার পাশাপাশি দেখেছি বেহাল সড়ক অবকাঠামো। আমি সবার আগে অবকাঠামোগত উন্নয়ন করতে চাই।
তিনি বলেন, আমার সংসদীয় এলাকা যমুনা নদীর পাড়ে। এখানে নদীভাঙন অন্যতম সমস্যা। নদীশাসনসহ বিদ্যমান বাঁধ সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমার নির্বাচিত এলাকায় ভালো কোনো হাসপাতাল নেই। আধুনিক একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই।
কৃষকদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না—জানতে চাইলে ড. মুহিত বলেন, আমাদের দলের প্রধান তারেক রহমান কৃষি কার্ড চালুর কথা বলেছেন। এ কার্ডের মাধ্যমে সার-বীজ থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাবেন কৃষকেরা।
এমওএস/এমকেআর