সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ জন-আকাঙ্ক্ষার পরিপন্থি: জামায়াত
দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির মতে, সরকারের এই পদক্ষেপ জুলাই বিপ্লবের চেতনা ও জন-আকাঙ্ক্ষার বিপরীত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকারগুলোতেও গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এমন পরিস্থিতিতে দলীয় পদধারীদের প্রশাসক নিয়োগ করা নৈতিকভাবে গর্হিত এবং জনগণের সঙ্গে স্পট প্রতারণার শামিল।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে ছয়টি সিটি করপোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে, সরকারের এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ।
বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ জনমনে গভীর সন্দেহের সৃষ্টি করেছে। জামায়াত আশঙ্কা করছে, এটি স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র বা আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ কি না।
আরএএস/কেএইচকে