ভিডিও ENG
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

ভোটের আগের রাত কেন ভয়াবহ, জানালেন মাহবুব কবীর মিলন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

‘ভোটের আগের রাত, মানে আগামীকাল রাত খুব ভয়াবহ’ বলে অভিমত জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ১০ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘ভোটের আগের রাত, মানে আগামীকাল রাত খুব ভয়াবহ। প্রিসাইডিং, পোলিং অফিসারসহ পুরো টিম, আইনশৃঙ্খলা বাহিনী ও মালামালসহ চলে যেতে হবে কেন্দ্রে এবং রাতযাপন করতে হবে সেখানে। ভুলেও একজন আর একজনের ওপর নির্ভর বা দায়িত্ব দিয়ে কেন্দ্রের বাইরে রাত কাটিয়ে সকালে কেন্দ্রে উপস্থিত হবেন না। একজনের ভুলে বা অন্যায়ে ঝুলে যাবেন পুরো টিম। শাস্তি হবে সবার। মেয়েদের জন্য এই অধ্যায় খুবই কষ্টদায়ক।’

তিনি লিখেছেন, ‘ভুলেও বা কোনো অবস্থাতেই রাতে কোনো রাজনৈতিক দল বা স্থানীয় লোকজনের সাথে রাতে কেন্দ্রে আলাপ, কথাবার্তা বা যোগাযোগ করবেন না। রাত এবং পরের দিন ভোট চলাকালীন কারো দেওয়া খাবার গ্রহণ করবেন না। নিজে খাবার সাথে রাখবেন। অনেক সময় সারাদিন না খেয়েই কাটাতে হয়। উপায় নেই। জাতীয় দায়িত্ব।’

সাবেক এই অতিরিক্ত সচিব লিখেছেন, ‘আগেও বলেছি, রেজাল্ট শিট কেন্দ্রে টাঙ্গিয়ে দেওয়া বাধ্যতামূলক। এটি অবশ্যই করতে হবে। প্রিসাইডিং অফিসার রেজাল্ট শিট এবং মালামালসহ রিটার্নিং অফিসারের কাছে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত টিমের সবাই সাথে থাকবেন। তার ওপর দায়িত্ব দিয়ে অন্যরা হাসিতে-খুশিতে কেন্দ্র থেকে বিদায় নেবেন না। কাউকেই বিশ্বাস করার প্রয়োজন নেই। মনে রাখবেন, প্রতি পদে পদে বিপদ লুকিয়ে আছে। নির্বাচনী দায়িত্ব একটি টিম ওয়ার্ক। দায় সবার। ঝুলে গেলে সবাই এক সাথে ঝুলে যাবেন।’

তিনি আরও লিখেছেন, ‘রিটার্নি অফিসার কার্যালয়ে সবাই মালামালসহ এক সাথে থাকার চেষ্টা করবেন। যতক্ষণ তা বুঝিয়ে দেওয়া না হয়। সব দায়িত্ব প্রিসাইডিং অফিসারের ওপর ছেড়ে দিয়ে চলে যাবেন না। তাকে সহযোগিতা করবেন সবাই। হ্যাপি ভোটিং। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন।’

এসইউ

আরও পড়ুন