প্রথমবার দ্য হানড্রেডের নিলামে মোস্তাফিজ
আইপিএল থেকে বাদ পড়লেও সপ্তাহ দুয়েক আগে পিএসএলে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। নিলামের আগেই সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্স দলে নেয় মোস্তাফিজকে। এবার তার সামনে এসেছে আরও একটি বিদেশি লিগে খেলার সুযোগ।
প্রথমবারের মতো দ্য হান্ড্রেডের নিলামে ঠাঁই হয়েছে বাংলাদেশি এই পেসারের। পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১ হাজার ক্রিকেটার। সেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আছে মোস্তাফিজুর রহমানের নাম।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষইয়টি নিশ্চিত করেছে।
২০২১ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় দ্য হান্ড্রেড টুর্নামেন্টটি। আগের পাঁচ আসরে খেলেননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। প্রথমবারের মতো নিলামে থাকা মোস্তাফিজ দল পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, নিলাম থেকে কোনো পাকিস্তানি ক্রিকেটারদের দলে টানবে না আইপিএল মালিকানাধীন দলগুলো। দ্য হান্ড্রেডের আট দলের মধ্যে চারটিই আইপিএলের আংশিক বা পূর্ণ মালিকানাধীন। দলগুলো হলো–সানরাইজার্স লিডস, সাউদার্ন ব্রেভস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও এমআই লন্ডন। বিবিসির তথ্য সঠিক হলে এসব দলে দেখা যাবে না কোনো পাকিস্তানি ক্রিকেটারকে।
আইএন